মেসির ন্যু ক্যাম্পে আলো ছড়ালেন এমবাপ্পে  

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেন্ত জার্মেই। নেইমার না থাকার পরেও তাতে ফরাসি ক্লাবটির ২০১৭ সালের প্রতিশোধও নেওয়া হলো একভাবে। 

চার বছর আগে পার্ক দু প্রিন্সেসে প্রথম লেগে বার্সাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ফরাসি জায়ান্টরা। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সা ম্যাচ জিতে নেয় ৬-১ গোলে। এবার অবশ্য ন্যু ক্যাম্পেই তাদের হারিয়ে বদলা নিলো পিএসজি।

অথচ ডিফেন্সে তিন মাস পর জেরার্দ পিকের ফেরায় বাড়তি উদ্দীপনা কাজ করছিল বার্সার। শুরুতে এগিয়েও যায় তারা। ২৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। কিন্তু পিএসজির টানা আক্রমণে পুরোপুরি পরাস্ত হতে হয় কোম্যানের দলকে। ৩২ মিনিটে মার্কো ভেরাত্তি ও লেইভন কুরজাওয়ার মিলিত চেষ্টায় দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।

চার বছর আগে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পেছনে বড় অবদান ছিল নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকাকেই পরে দলে ভেড়ায় পিএসজি। অবশ্য এমন ম্যাচে নেইমারের না থাকায় সংশয়বাদীরা ফরাসিদের নিয়ে আশা দেখছিলেন না মোটেও। কিন্তু তাদের উচিত জবাব দিলেন এমবাপ্পে-ই। দুই বছর নক আউট পর্বে গোলের দেখা না পাওয়া এমবাপ্পে শুধু গোলই করলেন না, তুলে নেন হ্যাটট্রিক! আর তাতে ১৯৯৭ সালের পর সফরকারী দলের কেউ হ্যাটট্রিকের দেখা পেলো। সেবার সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন আন্দ্রি শেভচেঙ্কো। 

৬৫ মিনিটে তার গোলের পর আরও কোণঠাসা হয়ে পড়ে বার্সা। ৭০ মিনিটে স্কোর ৩-১ করেন ময়েস কিন। তৃতীয় গোলের জন্য ক্ষুধার্ত এমবাপ্পে ৮৫ মিনিটে বাঁকানো শটে তুলে নেন তার হ্যাটট্রিক।

এখন পরের পর্বে যেতে হলে ৪ বছর আগের মতো অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে বার্সাকে। তাও আবার পিএসজির মাঠে!

এদিকে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হেরে আসা লিভারপুল ২-০ গোলে হারিয়েছে আরবি লিপজিগকে। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুই গোল তুলে নেন মোহামেড সালাহ ও সাদিও মানে।