প্রশ্নবিদ্ধ রেফারিং, তাই বাফুফের ভরসা ভিএআর

করোনাভাইরাস বিরতি শেষে লম্বা সময় পর শুরু হয়েছে ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ শেষে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব এখন শেষের দিকে। কিন্তু মাঠের খেলার চেয়ে বিতর্কিত রেফারিং নিয়েই আলোচনা-সমালোচনা বেশি! সমালোচনার মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটিই ভেঙে দেওয়া হয়েছে, আনা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।

আগের কমিটির চেয়ারম্যান ছিলেন নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। আর নতুন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে। ৯ সদস্যের কমিটির কো-চেয়ারম্যান সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সদস্য হিসেবে আছেন আব্দুর রহিম, ইলিয়াস হোসেন, ইকবাল হোসেন, ইব্রাহিম নেসার, রকিবুল আলম, তৈয়ব হাসান শামসুজ্জামান ও শহীদুল ইসলাম লালু।

রেফারিজ কমিটি ভেঙে দেওয়া প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ (বুধবার) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সকালে রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। রেফারিং নিয়ে অনেক রকম আলোচনা চলছে পত্রপত্রিকায়-টিভিতে। এই জন্য ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। যেন আরও ভালো ও সতর্কভাবে চলতে পারে।’

এছাড়া দ্রুত ভিএআর প্রযুক্তিও আনছে বাফুফে। সালাউদ্দিনের বক্তব্য, ‘ফিফার সঙ্গে কথা বলছি, ভিএআরের জন্য। যত দ্রুত আনা যায়। যেন এই তর্ক-বিতর্ক না থাকে। সমাধানের জন্য। এছাড়া নতুন রেফারিজ কমিটি গঠন করা হয়েছে। ফুটবলের ভালোর জন্য দক্ষ কমিটি গঠন করে দিয়েছি।’

ভিএআর প্রযুক্তি আনলে অভিযোগ কমে যাবে বলে সালাউদ্দিনের অভিমত, ‘অভিযোগ আসছে রেফারিরা পক্ষপাতদুষ্ট। তবে আমার বিশ্বাস হয় না। ভিএআর থাকলে অভিযোগ কমে আসবে। ৯৫ শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে। ফিফার কাছে চেয়েছি। এটা নিয়ে কাজ চলছে।’