ইনজুরি কাটিয়ে কলকাতা মোহামেডানের জার্সিতে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্ত হার এড়াতে পারেননি। টানা দুই ম্যাচে হেরেছে আই-লিগের দলটি। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হলো হোসে হেভিয়াকে। বরখাস্ত হয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ। তার জায়গায় টেকনিক্যাল ডিরেক্টর শঙ্করলাল চক্রবর্তীকে দেওয়া হয়েছে জামালদের দায়িত্ব।
আই-লিগে কলকাতা মোহামেডান ৮ ম্যাচে দুই হার, দুই জয় ও চার ড্রতে ১১ দলের মধ্যে সপ্তম স্থানে রয়েছে। চার্চিল ব্রাদার্স সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। নিচের দিকের দল ইন্ডিয়ান অ্যারোস ও আইজল এফসির সঙ্গে হারে কলকাতা মোহামেডান বেশ পিছিয়ে পড়ে।
এই অবস্থানে থেকে কলকাতার জায়ান্টদের শিরোপা লড়াইয়ে থাকাটা কঠিন হয়ে পড়েছে। তাই হেভিয়ার ওপর আর আস্থা রাখতে পারেনি কলকাতা মোহামেডান। তাকে ছাঁটাই করে দিয়েছে।
দলটির লক্ষ্য, আগামী মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলা। কিন্তু আই-লিগে চ্যাম্পিয়ন হতে না পারলে সেই স্বপ্ন পূরণ হওয়া বেশ কঠিন।