বেশ কিছুদিন ধরে গুজব শোনা যাচ্ছে নেইমারকে দলে ভেড়াতে যত অর্থই লাগুক তা দিতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর জানিয়েছে নেইমারের সঙ্গে পাকাপাকি কথা হয়েছে ম্যানইউ কর্তৃপক্ষের।
জানা গেছে নেইমারকে দলে ভেড়াতে 'বাই আউট ক্লজ মানি' হিসেবে ১৪০ মিলিয়ন দিতেও রাজি ম্যানইউ। তবে এবার গুজবের পালে হাওয়া লেগেছে কারণ বার্সা ফরোয়ার্ডের আন্তর্জাতিক এজেন্ট পিনি জাহাভিকে দেখা গেছে ওল্ড ট্রাফোর্ডে। ক্রিস্টাল প্যালেস বনাম ম্যানইউ ম্যাচটির সময় গ্যালারিতে দেখা গেছে নেইমারের ওই এজেন্টকে।
ইতিমধ্যেই নাকি ম্যানইউ বার্সার কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। ম্যানইউ বার্সাকে জানিয়েছে নেইমারকে পেতে তারা 'বাই আউট ক্লজ' হিসেবে ১৪০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি।
উল্লেখ্য বাই আউট ক্লজ মানি হচ্ছে, যদি কোনও খেলোয়াড় চুক্তি ভঙ্গ করে অন্য কোনও দলে যোগ দিতে চায় তাহলে বাই আউট ক্লজের সমপরিমান অর্থ ওই ক্লাবকে প্রদান করতে হবে। নেইমারের বাই আউট ক্লজ ১৫০ মিলিয়ন ইউরো ( ১৪০ মিলিয়ন পাউন্ড) । ম্যানইউ যদি নেইমারকে পেতে চায় কিন্তু বার্সা যদি তাকে ছাড়তে না চায়, সেক্ষেত্রে বার্সাকে ১৪০ মিলিয়ন পাউন্ড প্রদান করতে হলে তাকে বাধ্য হয়ে ছেড়ে দেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না কাতালন ক্লাবটির। সূত্রের খবর ওই অর্থ দিতে রাজি ম্যানইউ। খবর সত্যি হলে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধের পর নেইমারকে রেডি ডেভিল শিবিরে দেখা যেতে পারে।
/এমআর/