জামাল ভূঁইয়াকে চেয়ে কলকাতায় চিঠি

২২ মার্চ থেকে নেপালে শুরু হতে যাচ্ছে তিন জাতির ফুটবল প্রতিযোগিতা। সেখানে খেলার কথা আছে বাংলাদেশের। তবে প্রতিযোগিতাটিতে অধিনায়ক জামাল ভূঁইয়া খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশংয় আছে। এই মিডফিল্ডার এখন খেলছেন ভারতের আই-লিগের দল কলকাতা মোহামেডান। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে চেয়ে চিঠি দিয়েছে কলকাতার ক্লাবটিতে।

নেপালের টুর্নামেন্টের লক্ষ্যে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি। তবে প্রস্তুতির শুরুর দিকে অধিনায়ক জামাল ভূঁইয়াকে পাচ্ছেন না কোচ জেমি ডে। নেপালের প্রতিযোগিতার সময় যেন তাকে পাওয়া যায়, সেই আশায় দল। এজন্যই কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছে বাফুফে।

বাফুফের আশা, ফিফা নির্ধারিত উইন্ডোতে জামালকে দলের সঙ্গে পাওয়া যাবে। আজ (বুধবার) জেলা ফুটবল লিগ কমিটির সভা শেষে জামাল প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা তার ক্লাবকে (কলকাতা মোহামেডান) চিঠি দিয়েছি। ফিফা উইন্ডোতে খেলোয়াড় চাইলে দিতে হয় ক্লাবকে। ক্লাব যদি খেলোয়াড় না দেয়, আবার জামাল ভূঁইয়া যদি খেলতে না চায় তাহলে তো ভিন্ন চিত্র। তবে এরই মধ্যে আমরা ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছি।’