প্রথবারের মতো ভারতের আই লিগে খেলছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকাল সোমবার চার্চিল ব্রাদার্সের বিপক্ষেই এই মিডফিল্ডারের শেষ ম্যাচ! কারণ, তার পরেই যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার। তবে আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে শেষ ম্যাচ খেলার আগে জামাল ভূঁইয়াকে আবারও প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ শঙ্করলাল চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশি তারকাকে নিয়ে কলকাতা মোহামেডান কোচ বলেছেন, ‘আমি আগেই বলেছি, জামাল হলো একজন ভালো নেতা, ভালো মানুষ, ভালো খেলোয়াড়ও। তার জন্য এটা শেষ ম্যাচ। কারণ, জাতীয় দলের ম্যাচ আছে সামনে।’ প্রশংসার পরেই এই কোচ বললেন, দ্রুত বিদায়ে জামালকে খুব মিস করবে কলকাতা মোহামেডান, ‘তাকে আমরা মিস করবো। আসলে বিশ্বের সব জায়গায় এমনটিই হয়ে থাকে। তবে ও (জামাল) আমাদের হৃদয়ে থাকবে সব সময়।’
জামাল ভূঁইয়াও মানছেন কলকাতা মোহামেডানে তার ভালো সময় কাটছে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এখানে সব মিলিয়ে আমার ভালো অভিজ্ঞতা হচ্ছে। আমি যখন শুরুতে এখানে আসি, তখন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আমার জন্য দলটাও নতুন ছিল। একসঙ্গে অনুশীলন করতে পারিনি। কিছু সময় পর দেখলাম এটা ভালো একটা গ্রুপ। আমি আসলে গর্বিত।’
ভবিষ্যতে সুযোগ পেলে ভারতের যেকোনও ক্লাবে খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জামাল বলেছেন, ‘ভবিষ্যতে সুযোগ পেলে খেলতে চাই। আমি জানি না ভবিষ্যতে কী হবে, সুযোগ পেলে অবশ্যই খেলবো। তবে এখানকার সবাইকে আমি মিস করবো।’
ভারতের আই লিগ ও বাংলাদেশের প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মান নিয়ে জামাল বলেছেন, ‘দুই লিগের খেলোয়াড়দের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। স্থানীয় খেলোয়াড়দের মান কাছাকাছি। তবে বাংলাদেশের তুলনায় এখানে ফুটবলের প্রতি মনোযোগটা একটু বেশি।’