দি মারিয়া মাঠেই শুনলেন বাড়িতে ডাকাত পড়েছে, তারপর...

ইউরোপে ফুটবলারদের বাড়িতে ডাকাত পড়ার খবর নতুন নয়। আনহেল দি মারিয়ার ক্ষেত্রে তো নয়ই। ম্যানচেস্টার ইউনাইটেডের থাকার সময় একবার ডাকাতি হয়েছিল তার বাড়িতে, এবার প্যারিসের বাড়িতেও হানা দিলো ডাকাত! আর এই খবরটা আর্জেন্টাইন উইঙ্গার শুনতে পেলেন যখন তিনি প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে খেলছিলেন নঁতের বিপক্ষে।

খবরটা শোনার পর আর দেরি করেননি, দ্রুত ফিরে যান বাড়িতে। দি মারিয়ার ব্যক্তিগত জীবনের সঙ্গে পিএসজির দিনটাও ভালো যায়নি। ঘরের মাঠেই তারা ২-১ গোলে হেরেছে নঁতের বিপক্ষে।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকার বাড়ির ঘটনাটা মাঠে প্রথম জানতে পারেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তাৎ্ক্ষণিক তিনি বিষয়টি জানান কোচ মাউরিসিও পোচেত্তিনোকে। আর্জেন্টাইন কোচও আর দেরি করেননি, দ্রুত মাঠ থেকে তুলে নেন দি মারিয়াকে। আর্জেন্টাইন উইঙ্গারের বদলি হিসেবে নামেন স্বদেশি লিয়ান্দ্রো পারেদেস। মাঠ থেকে দি মারিয়াকে ওঠানোর পর ড্রেসিং রুম পর্যন্ত তার সঙ্গে পোচেত্তিনোকে যেতে দেখা যায় পার্ক ডু প্রিন্সেসের টানেলের ক্যামেরায়।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে পরে লিওনার্দো নিশ্চিত করেছিলেন, দি মারিয়া মাঠ ছেড়ে গেছেন কারণ তার বাড়িতে ডাকাত পড়েছে। পরে আরএমসি ছাপে, দি মারিয়ার বাড়িতে যখন ডাকাত হানা দেয়, তখন বাড়িতে ছিলেন স্ত্রী ও সন্তানেরা, যেটি পরে নিশ্চিত করেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা

তবে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছিল কিছু কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তারা জানিয়েছিল, আর্জেন্টাইন তারকার স্ত্রী ও সন্তানকে ‍অপহরণ করা হয়েছে। যেহেতু দি মারিয়ার পরিবার তখন ‍বাড়িতে ছিল, তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে উৎকণ্ঠা বাড়ে।

দি মারিয়ার মতো নাকি একই ঘটনা ঘটেছে পিএসজির আরেক খেলোয়াড় মারকিনুসের সঙ্গে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাড়িতেও ডাকাত পড়েছিল, আর তখন ওই বাড়িতে উপস্থিত ছিলেন তার বাবা-মা।