নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক নেপাল ছাড়াও প্রতিযোগিতার তৃতীয় দেশ হচ্ছে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল। সেখানে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ট্রফি জয়ের সুপ্ত ইচ্ছা সবার মাঝে। এর সঙ্গে জড়িয়ে গেছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উপলক্ষটিও! তাই নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা জিতেই এই উপলক্ষটি স্মরণীয় করে রাখার ইচ্ছা সোহেল রানা-সুমন রেজাদের।
এবারই জাতীয় দলে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে সুমনের। প্রিমিয়ার লিগে তার কাছ থেকে সর্বোচ্চ ৬টি গোল এসেছে। সেই উত্তর বারিধারার স্ট্রাইকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। উনার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো। এই জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা নেপালের টুর্নামেন্ট জিতে আসতে চাই।’
সদ্য বিবাহিত মিডফিল্ডার সোহেল রানারও একই ইচ্ছা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেছেন, ‘একজন বাঙালি হিসেবে এবং খেলোয়াড় হিসেবে বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা আছে এবং এটা সব সময় থাকবে।অবশ্যই আমরা চাই এই বিশেষ বছরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ট্রফি জিততে। ছেলেরা চাইছে ভালো শুরু করে ট্রফিটা নিয়ে আসতে।এটাই আমাদের লক্ষ্য। আমাদের পরিকল্পনা অনুযায়ী এই টুর্নামেন্টটা শেষ করতে চাই।’
ট্রফি জয়ের লক্ষ্য থাকলেও সেটি যে সহজ হবে না বুঝতে পারছেন আবাহনীর এই মিডফিল্ডার। বাস্তবতা মেনেই বলছেন, ‘নেপালের কন্ডিশনে খেলা কঠিন। পাহাড়ি দেশ, এছাড়া ঠাণ্ডা আবহাওয়া থাকে। তাদের মাঠে খেলা সহজ নয়। তবে আগে যাচ্ছি যেহেতু, তাই কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।’