২৪ ঘণ্টায় একজনের করোনামুক্তি, আরেকজন আক্রান্ত

নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বাংলাদেশ দলে হানা দিয়েছে করোনাভাইরাস। উইঙ্গার রাকিব হোসেন বুধবার করোনা পজিটিভ হয়েছিলেন। তবে আশার কথা ২৪ ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম আবাহনীর এই ফুটবলার নেগেটিভ হয়েছেন। তবে ডিফেন্ডার রহমত মিয়া আবার করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) কাঠমান্ডু যাচ্ছে জেমি ডের দল। দলের সঙ্গে রাকিব যেতে পারলেও যাচ্ছেন না রহমত। সাইফ স্পোর্টিংয়ের এই ডিফেন্ডারকে আপাতত হোটেল রুমে আইসোলোশনে থাকতে হচ্ছে। তবে সুস্থ হলে দলের সঙ্গে নেপালে যোগ দেওয়ার সুযোগ আছে তার।

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রাকিব করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যাচ্ছে। তবে রহমত পজিটিভ হওয়াতে আপাতত যেতে পারছে না। ম্যাচের আগে সুস্থ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’