চলতি মৌসুমটা দারুণই কাটাচ্ছেন পর্তুগিজ তারকা রোনালদোর। ইতোমধ্যেই করে ফেলেছেন ২৫ গোল। কিন্তু তার অধিকাংশ গোলই ছোট দলগুলোর বিপক্ষে। পরিসংখ্যানেও এর প্রমাণ পাওয়া যাচ্ছে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, পিএসজি ও লা লিগার শীর্ষ চার দলের বিপক্ষে ৬ ম্যাচ খেলে কোনও গোল করতে পারেননি রোনালদো। অন্যদিকে বাকি দলগুলোর বিপক্ষে ১৯ ম্যাচেই ২৫ গোল করেন তিনি। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ ১০ এ থাকা দলগুলোর মধ্যে শুধু দুটি দলের বিপক্ষে গোল করতে পেরেছেন রোনালদো।
যখন দল ও কোচ রোনালদোর কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স বা গোলের জন্য তাকিয়ে ছিল ঠিক তখনই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকা। দলকে জেতাতে যখন গোলের বড্ড বেশি প্রয়োজন ঠিক তখন জ্বলে উঠতে পারেননি তিনি। ফলে বড় ম্যাচে ব্যর্থ হয় রিয়াল। এমন ব্যর্থতায় বারবার সুযোগ পেয়েও পয়েন্ট টেবিলে ওপরে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। যে কারণে চাকরি হারাতে হলো রাফায়েল বেনিতেজকে।
স্প্যানিশ লা লিগার দুই শিরোপা-প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনাকে চলতি মৌসুমে হারাতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে তো ঘরের মাঠেই নাকানি-চুবানি খায় লস ব্লাঙ্কোসরা। এছাড়া ভিয়ারিয়েল ও সেভিয়ার কাছেও হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এর সবগুলো ম্যাচে দলের হয়ে গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনালদো।
চলতি মৌসুমে মালমোর বিপক্ষে দুই ম্যাচে ৬ গোল, এসপানিওলের বিপক্ষে এক ম্যাচেই ৫ গোল, শাখতার দোনেৎস্কের বিপক্ষে দুই ম্যাচে ৫ গোল, রায়ো ভায়েকানো ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এক ম্যাচে সমান ২ গোল এবং লেভান্তে, সেল্টা ভিগো, লাস পালমাস, এইবার ও গেটাফে সবার বিপক্ষেই একটি করে গোল করেন সিআর সেভেন। অর্থাৎ, নিজের ২৫ গোলের ৬৪ শতাংশই করেন তিন দল মালমো, শাখতার ও এসপানিওলের বিপক্ষে।
তবে স্প্যানিশ লিগের শীর্ষ চার দল বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া ও ভিয়ারিয়েলের বিপক্ষে দলের যখন বেশি প্রয়োজন ছিল রোনালদোর; তখনই গোল করতে ব্যর্থ হন তিনি। অ্যাটলেটিক বিলবাও ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও গোল করতে পারেননি তিনি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই লেগে পিএসজির বিপক্ষে গোলের মুখ দেখেননি এই পর্তুগিজ সুপারস্টার।
নির্ভুল শটের হার অন্যান্য দলগুলোর বিপক্ষে যেখানে ৪৩ শতাংশ, সেখানে পিএসজি ও লা লিগার শীর্ষ চার দলের বিপক্ষে তা কমে দাঁড়িয়েছে ২৭ এ। ম্যাচপ্রতি বাকি দলগুলোর বিপক্ষে যেখানে ৭.৬টি করে গোলমুখে শট নিয়েছেন, সেখানে পিএসজি ও লা লিগার শীর্ষ চার দলের বিপক্ষে তা কমে দাঁড়িয়েছে ৪.৪ এ।
যার ফলশ্রুতিতে ব্যর্থ রিয়াল। এর জের ধরে বরখাস্ত হতে হলো বেনিতেজকে।
/এমআর/