জামাল খেলবেন তো প্রথম ম্যাচ?

এই সময়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের মুখোমুখি হতো বাংলাদেশ। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ম্যাচ পিছিয়ে জুনে নেওয়া হয়েছে। তবে ফিফার নির্দিষ্ট সূচিতে বাংলাদেশ ঠিকই আন্তর্জাতিক ম্যাচের স্বাদ নিতে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে নেপালে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা। সেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ।

প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। আর প্রথম ম্যাচেই নতুনদের দেখার পাশাপাশি জয় দিয়ে শুরু করতে চাইছেন জেমি ডের শিষ্যরা। বাংলাদেশ সময় বিকেল ৫-১৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।

কয়েকদিন ধরেই কাঠমান্ডুতে অনুশীলন করছে বাংলাদেশ দল। ম্যাচের ভেন্যু দশরথ স্টেডিয়ামেও অনুশীলন করার সুযোগ হয়েছে সাদ-সুফিলদের। এই প্রতিযোগিতায় ইংলিশ কোচ জেমি ডে পাঁচজন নতুন খেলোয়াড় দলে নিয়েছেন। জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের আগে পুরনোদের সঙ্গে নতুনদের ঝালাই করে নেওয়া অন্যতম লক্ষ্য তার।

কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে ডে বলেছেন, ‘পুরনোদের সঙ্গে নতুনরা দলে জায়গা পেয়েছে। তাদেরকে পরখ করে দেখা হবে। আশা করছি, সবাই নিজেদের খেলাটা খেলতে পারবে।’

ভারতের আই-লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলে ঢাকায় সাইফ স্পোর্টিংয়ের অনুশীলনে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজই (সোমবার) দলের সঙ্গে কাঠমান্ডুতে যোগ দিয়েছেন তিনি। বিকেলে অনুশীলনেও ছিলেন। তবে ক্লান্তির কারণে তিনি একাদশে নাও থাকতে পারেন জামাল, এমনকি পুরো ম্যাচই কাটাতে হতে পারে সাইড বেঞ্চে।

যদিও কোচ ডে এ নিয়ে মুখ খুলতে চাননি। ম্যাচের আগপর্যন্ত যাদের ফিট পাবেন, তাদেরই নামানোর পরিকল্পনা তার। তবে জামালের শুরুর একাদশে না থাকার গুঞ্জনই বেশি।

জামাল না থাকলেও অন্যদের ওপর ভরসা রাখছেন ইংলিশ কোচের। প্রতিপক্ষ কিরগিজস্তান ফিফা র‌্যাংকিংয়ে (৯৬) বেশ এগিয়ে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ১৮৬। তাদের বিপক্ষে কৌশলী ফুটবলের পাশাপাশি নিজেদের খেলাটা দেখানোর লক্ষ্য তার।

ডে বলেছেন, ‘আমরা নিজেদের খেলাটা খেলবো। তবে এর পাশাপাশি জয়ের লক্ষ্যটাও থাকবে। আমরা প্রতিটি ম্যাচই আসলে জয়ের চিন্তা করে খেলে থাকি। তাই প্রথম ম্যাচও জিততে চাই।’

ত্রিদেশীয় প্রতিযোগিতায় অন্য দল হলো স্বাগতিক নেপাল। এখন বাংলাদেশ প্রথম ম্যাচ জিততে পারলে ফাইনালের পথ অনেকটাই মসৃণ হবে। মিডফিল্ডার সোহেল রানা আত্মবিশ্বাসী, ‘সবাই যেন মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। ম্যাচটি জিততে পারলে ভালো হবে।’