ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড ওয়েন রুনি। চতুর্থবারের মতো এই পুরস্কারে পেলেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তরফ থেকে জানানো হয়েছে গত মৌসুমে ইংল্যান্ডের 'প্লেয়ার অফ দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন রুনি।
৩০ বছর বয়সী রুনি ইংল্যান্ডের হয়ে করেছেন মোট ৫১টি গোল। এতে করে ইংলিশ এই তারকা ভেঙেছেন ববি চার্লটনের দীর্ঘদিনের রেকর্ড। সেই সঙ্গে গত বছর ইংলিশদের হয়ে রুনি করেছেন সাতটি গোল। তার নৈপুণ্যেই ইউরো-২০১৬ এর বাছাই পর্বে রেকর্ড ১০টি জয় পেয়েছে ইংল্যান্ড।
'প্লেয়ার অফ দ্যা ইয়ার' নির্বাচিত হওয়ার জন্য ইংলিশ অধিনায়ক পেয়েছেন মোট ৩৭ শতাংশ ভোট। এর আগে, ২০০৮, ২০০৯ এবং ২০১৪ সালেও এই পুরস্কার জিতেছিলেন রুনি।
আর স্টোক সিটির গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড চলতি মৌসুমে দারুণ পারফরমেন্স দেখিয়ে জিতে নিয়েছেন বর্ষসেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়ের পুরস্কার।
/এমআর/