হাতে থাকা ম্যাচটি জিতলেই ‘এক নম্বর’ বার্সেলোনা

বার্সেলোনার সবচেয়ে বড় ‘বন্ধু’ এখন মাদ্রিদের দুই ক্লাব- রিয়াল ও আতলেতিকো! চমকে উঠলেন? চমকানোর কিছু নেই, লা লিগায় মাদ্রিদের দুই ক্লাব যেভাবে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করতে উঠেপড়ে লেগেছে, তাতে বন্ধু বলাটা মোটেও ভুল হবে না। এই দেখুন না, এল ক্লাসিকো জিতে শিরোপা দৌড়ে কী চমৎকারভাবেই না এগিয়ে গিয়েছিল রিয়াল। সেই তারাই দুই ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের হিসাব দিয়েছে পাল্টে। আর আতলেতিকো তো হেরেই গেছে। ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বসার সুবর্ণ সুযোগ বার্সেলোনার সামনে।

৩৩ ম্যাচ করে খেলেছে মাদ্রিদের দুই ক্লাব। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো, ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রিয়াল। বার্সেলোনার তাদের সমান ৭১ পয়েন্ট, তবে মুখোমুখি লড়াইয়ে হিসাবে পিছিয়ে আছে। যদিও বার্সেলোনা তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। অর্থাৎ, মাদ্রিদের দুই ক্লাবের সমান (৩৩) ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটা দখলে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে কাতালানদের।

বৃহস্পতিবার গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে নামবে বার্সেলোনা। ওই ম্যাচ জিততে পারলেই ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসে যাবে লিওনেল মেসিরা। সমান ম্যাচে তখন ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাবে আতলেতিকো। ঘরের মাঠের অপূর্ব এই সুযোগ কী আর হাতছাড়া করবে বার্সেলোনা!

কাতালানদের এই উপলক্ষ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রয়ের পর আতলেতিকো হেরে যাওয়ায়। শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লস ব্লাকোস। আর রবিবার রাতে আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরেছে আতলেতিকো। মাদ্রিদের ‘ছোটদের’ হারের আগে বার্সেলোনা আবার তাদের কাজ সেরে রাখে ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফেরায়। অর্থাৎ, এবারের সপ্তাহান্তের রাউন্ডের সবকিছু বার্সেলোনার পক্ষে এসেছে। এখন গ্রানাদা ম্যাচ জিততে পারলেই সমীকরণ মিলে যাবে।

বর্তমান লিগ টেবিলের চিত্র বলছে, লা লিগার শিরোপা জয় এখন বার্সেলোনার হাতে। বাকি থাকা ৬ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন রোনাল্ড কোম্যানের দল। দেখা যাক, কী হয়!

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ:

অবস্থান

দল

ম্যাচ

জয়

ড্র

হার

পয়েন্ট

১.

আতলেতিকো মাদ্রিদ

৩৩

২২

৭৩

২.

রিয়াল মাদ্রিদ

৩৩

২১

৭১

৩.

বার্সেলোনা

৩২

২২

৭১

৪.

সেভিয়া

৩৩

২২

৭০

৫.

রিয়াল সোসিয়েদাদ

৩২

১৩

১১

৫০