চ্যাম্পিয়নস লিগে বুধবার দিবাগত রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-পিএসজি। সেমিফাইনালের এমন ম্যাচ নিয়েই আলোচনা হওয়া স্বাভাবিক। কিন্তু হচ্ছে তার উল্টো! পিএসজিতে চুক্তি নবায়ন না হওয়া নেইমারের ভবিষ্যৎ নিয়েই মুখরোচক আলোচনায় মুখর সবাই।
তবে নেইমার ম্যাচের আগেই উড়িয়ে দিয়েছেন সেসব। ২৯ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ড জানিয়েছেন, চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যেই সমঝোতা চলছে।
ম্যানসিটির বিপক্ষে ম্যাচের আগে নেইমার বলেছেন, ‘এই বছরে পিএসজি অনেক উন্নতি করেছে। সেজন্য আমরা নিজেরাও অনেক কাজ করেছি। এখানে অনেক সুখে আছি, বিশেষ করে এই মৌসুম বেশি আনন্দে কাটিয়েছি।’
প্যারিসে আজ রাত ১টায় ম্যানসিটির মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি দেখাবে সনি টেন-২। প্রথম লেগে এমনই দল মুখোমুখি হচ্ছে যারা ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে পারেনি কখনো।
নেইমাররা অবশ্য গতবার ফাইনালে উঠেও হেরে গেছে বায়ার্নের কাছে। তবে এবার চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া ব্রাজিলিয়ান এই তারকা, ‘আমরা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য মুখিয়ে আছি।’
নেইমার অবশ্য এবার দারুণ ছন্দে রয়েছেন। ৭ ম্যাচে গোল করেছেন ৬টি। সব মিলে ২৪টি ম্যাচে করেছেন ১৪ গোল! রয়েছেন এমবাপ্পেও। এই মৌসুমে ৩৮ ম্যাচে যার গোল ৩৩টি! আক্রমণের এই দুই ফলা মিলে ছিন্নভিন্ন করতে পারে ম্যানসিটিকে। তাই স্বাভাবিকভাবেই দুই তারকাকে নিয়ে উদ্বিগ্ন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা, ‘গতকাল আমি ঘুমাতে চেষ্টা করেছিলাম। সেটা সম্ভব হয়েছে তখনই, যখন ওদের নিয়ে ভাবনা বাদ দিয়েছি। কিন্তু ওরা বিশ্বমানের খেলোয়াড়। তাই ওদের রুখতেই হবে।’
এক নজরে:
১. চতুর্থবার মুখোমুখি হচ্ছে দু’দল। যেখানে ড্র দুটি, ম্যানসিটি সর্বশেষ জিতেছিল ২০১৬ সালে।
২. পিএসজি কোচ পচেত্তিনো ও ম্যানসিটি কোচ গার্দিওলা সব মিলে ডাগ আউটে মুখোমুখি হয়েছেন ১৮বার। কোচ হিসেবে বেশি সফল গার্দিওলাই। পচেত্তিনোর ৩ জয়ের বিপরীতে গার্দিওলা জিতেছেন ১০টিতে।