প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকে। আপাতত লকডাউনের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। প্রথম দিনেই মাঠে নামছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মতো বড় দলগুলো। তবে ফিরতি পর্বে আপাতত মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলের!
গত মার্চে নাগরিকত্ব পাওয়া কিংসলের জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এখনও হয়নি। তাই বসুন্ধরা কিংস কিংসলের নাম নিবন্ধন করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আপাতত তাকে খেলার জন্য ছাড়পত্র দিচ্ছে না।
নিয়ম হলো নিবন্ধনের সময় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্টের কপি জমা দিতে হবে। কিন্তু কিংসলের বেলাতে সেটি জমা পড়েনি। কেননা এখনও যে তার দুটোর কোনওটাই তৈরি হয়নি, প্রক্রিয়াধীন। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি আপাতত কিংসলেকে বসুন্ধরার হয়ে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে খেলতে অনুমতি দেয়নি। সামনে যে কোনও সময়ে জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্টের কপি পেলেই কিংসলে ঘরোয়া ফুটবলে নতুন পরিচয়ে খেলতে পারবেন।
বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে এই প্রসঙ্গে বলেছেন, ‘সামনের দিকে জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্টের কপি প্রাপ্তির পরই কিংসলে বসুন্ধরার হয়ে ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন। এছাড়া নয়। তবে তার নিবন্ধন বাতিল হয়নি। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি এমনই সিদ্ধান্ত নিয়েছে।’
প্রিমিয়ার লিগে প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শীর্ষে। দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ২৬। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড।
লিগ শুরু হলে শীর্ষ গোলদাতা হিসেবে বসুন্ধরার রবিনিয়ো ও বেসেরা এবং শেখ জামালের পা ওমর জোবের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। এরমধ্যে ব্রাজিলিয়ান রবিনিয়ো ও গাম্বিয়ার জোবে আছেন ১২ গোল নিয়ে। এছাড়া আর্জেন্টাইন বেসেরার গোল ১১টি।
আগামীকালের ম্যাচ
উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস (বিকাল চারটা)
আবাহনী লিমিটেড-বাংলাদেশ পুলিশ (সন্ধ্যা সাতটা)
ব্রাদার্স ইউনিয়ন-শেখ রাসেল (রাত ৯ টা)
ভেন্যু:বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।