গতবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল প্যারিস সেন্ত জার্মেই। এবার সেমিফাইনাল থেকে তাদের বিদায়ঘণ্টা শোনা যাচ্ছে! পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে নেইমারের প্যারিস সেন্ত জার্মেই ব্যাকফুটে। সেমিফাইনালের প্রথম পর্বে হেরে এখন বাড়তি চ্যালেঞ্জ অনুভব করছেন নেইমার। তাই ফিরতি লেগের আগে নিজের সেরাটা দেওয়ার ঘোষণা তার- প্রয়োজনে মাঠেই জীবন দিয়ে দেবেন তিনি!
ইতিহাদে পিএসজির জন্য দ্বিতীয় লেগ জেতা মোটেও সহজ হবে না। চ্যাম্পিয়নস লিগের শেষ চারের লড়াইয়ে গার্দিওলার ম্যানসিটি দুর্দান্ত খেলছে। প্রথম পর্বে ট্যাকটিকালি খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা। আর পিএসজি এখন আহত বাঘের মতো গর্জন করছে। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার আভাস দিচ্ছে তারা।
আর সেটি নেইমারের কথাতে পরিষ্কার। শনিবার লিগ ওয়ানে লাঁসকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে জয়ের পথে একবার লক্ষ্যভেদ করা নেইমার বলেছেন, ‘এখনও বিশ্বাস করি পিএসজি ফাইনালে খেলবে। যদিও প্রথম ম্যাচে আমরা হেরেছি। তবে পিএসজির হয়ে ম্যানসিটিকে হারানোর জন্য যা সাহায্য করার দরকার, তাই করবো। প্রয়োজন হলে মাঠেই জীবন দিয়ে দেবো!’
নেইমার পরে যোগ করেছেন, ‘সেমিফাইনালের প্রথম লেগে আমাদের কঠিন ম্যাচ গেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, পরিসংখ্যান কী বলছে কিংবা আমাদের জয়ের সম্ভাবনা কতটুকু আছে, সেটা আমাদের জন্য ভাবনার বিষয় নয়। আমি মনে করি, প্রতিটি পিএসজি ভক্তের আমাদের ওপর বিশ্বাস রাখা উচিত।’
ফরাসি চ্যাম্পিয়নদের অন্যতম আস্থা নেইমার। প্রথম লেগে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান তারকা। পরের ম্যাচেও ‘যুদ্ধ’ চালিয়ে যেতে চান তিনি, ‘আমি সম্মুখ সারিতে আছি। আমি প্রথম ব্যক্তি যে যোদ্ধা হয়ে লড়াই করতে চাই। যুদ্ধ করতে চাই। দলের হয়ে সেরাটা দেবো। আমি যে কোনও কিছু করতে চাই দলের জন্য। এজন্য যদি মাঠে আমার মৃত্যুও হয়, তাতেও সমস্যা নেই।’
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটির মাঠে আতিথ্য নেবে পিএসজি।