জুভেন্টাসে গিয়ে গোল পাবেন না খুব একটা, ইতালিয়ান ফুটবলের সঙ্গে মানিতে নিতে কষ্ট হবে- এরকম আরও অনেক আলোচনা হয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর তুরিন যাত্রার আগে। কিছুটা অবশ্য মিলেও যায় শুরুর কয়েক ম্যাচে, রঙহীন রোনালদোর মাঝে যেন পরন্ত সূর্যের আভা দেখা যাচ্ছিল। কিন্তু তিনি রোনালদো, বহুবার ঘুরে দাঁড়ানোর নজির আছে। জুভেন্টাসের জার্সিতেও দেখা মিললো সেটির। আর দেখতে দেখতে কীভাবে যেন ১০০ গোলও করে ফেললেন! এই গোলের ‘সেঞ্চুরি’তে নতুন এক ইতিহাসও রচনা করলেন তুরিনের ক্লাবে।
জুভেন্টাস ইতিহাসের দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর তিন মৌসুম এখনও শেষ হয়নি, তার আগেই গোলের সংখ্যা তিন অঙ্কের ঘরে নিয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বুধবার রাতে সাসুউলোর মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে জুভেন্টাস। এই ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে জাল খুঁজে নিয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন তিনি।
একই সঙ্গে জুভেন্টাসের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন রোনালদো। ৩৬ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে নাপোলি।
জুভেন্টাসে তৃতীয় মৌসুম শেষ হওয়ার আগেই রোনালদো ১০০ গোল পূরণ করলেন ১৩১ ম্যাচে এসে। এত কম সময়ে ‘তুরিনের বুড়িদের’ আর কোনও খেলোয়াড় তিন অঙ্কের ঘরে যেতে পারেননি। ওমর সিভোরি ও রবার্তো ব্যাজিও ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন পাঁচ মৌসুমের কম সময়ে।
আরেকটি রেকর্ড যোগ করেছেন রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা ক্লাব ও জাতীয় দলের জার্সিতে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়েছেন তিনি। জুভেন্টাসের আগে যে মাইলফলকটি ছুঁয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের জার্সিতে।