সৌদি যেতে না পেরে মন খারাপ জামালদের

সৌদি আরবের দাম্মামে থাকার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় শেষ মহূর্তে যাওয়া হয়নি। তাই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই নিতে হচ্ছে জেমি ডের শিষ্যদের। সৌদি যেতে না পেরে খেলোয়াড়রা কিছুটা বিষন্ন। মন খারাপ তাদের।

দাম্মামে অনুশীলনের পাশাপাশি একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে সফর স্থগিত হয়ে যায়। এখন ঢাকাতেই অনুশীলন করবে জামাল-সুফিলরা।

সৌদি যেতে না পেরে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া হতাশ। আজ (মঙ্গলবার) অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘(সৌদি আরব যেতে না পারায়) খেলোয়াড়দের মন খারাপ হয়েছে। আমরা তো বাইরে যাচ্ছি না। অন্য দেশের সঙ্গে কখনও ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয় না। এটা নিয়ে আমরাও আলোচনা করছি।’

এই মিডফিল্ডার জানালেন, সৌদি যেতে না পারায় ক্ষতি হয়েছে দলের। তার ভাষায়, ‘(সৌদিতে যেতে না পারার) ক্ষতি তো আছে, কারণ আফগানিস্তান এক মাস আগে প্রস্তুতি শুরু করেছে, ভারতও অনেক আগে শুরু করেছে, ওরা তো ইতিমধ্যে পরিকল্পনা করেছে কার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘সৌদি গেলে খেলোয়াড়দের জন্য ভালো হতো। সেখানে আবহাওয়ার পার্থক্য আছে, পরিবেশ, মাঠের পার্থক্য আছে, কিন্তু আমরা তো যাচ্ছি না।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে কাতার ও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াই করে কাতারের কাছে হারলেও ভারতের সঙ্গে ড্র করেছিল।

জামাল সেই উদারহণ টেনে বলেছেন, ‘সবচেয়ে ভালো হয় অন্য দেশের সঙ্গে খেললে, তাই না? দুই বছর আগে আমরা ভুটানের বিপক্ষে খেলেছি (প্রীতি ম্যাচ), এরপর আমরা কাতার ও ভারতের বিপক্ষে খেলেছি, (আমাদের খেলা) ভালো হয়েছে না?’

সূচি অনুযায়ী, কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে দলের প্রস্তুতি কোন পর্যায়ে আছে, তা দেখার জন্য প্রীতি ম্যাচ খেলার কোনও বিকল্প নেই।

জামালও ম্যাচ চাইছেন, ‘প্রস্তুতি ম্যাচ খেললে বোঝা যাবে আমাদের অবস্থান কোন পর্যায়ে আছে। এছাড়া কিছু করার নেই। আগে প্রীতি ম্যাচ খেলি, তারপর দেখি দলে কোন কোন ঘাটতি আছে। যেকোনও প্রস্তুতি ম্যাচ খেললে ভালো।’