শক্তির বিচারে আফগানিস্তান থেকে পিছিয়ে বাংলাদেশ। এমনকি ফিফা র্যাংঙ্কিংয়েও। তাছাড়া তাদের শারীরিক গড়নও একটা চিন্তার বিষয়, বিশেষ করে উচ্চতা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানদের মুখোমুখি হওয়ার আগে এইসব মাথায় রাখলেও কৌশলগত দিক থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জেমি ডের দল। ঠিক এই অবস্থায় নিজেদের ‘হোম ম্যাচে’ এবার ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। আগামীকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল প্রত্যাশার বেলুন উড়িয়ে দিয়েন।
বাছাই পর্বের বাকি তিন ম্যাচের প্রথমটিতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষের উচ্চতা নিয়ে কিছুটা চিন্তিত জামাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা অনেক ফিজিক্যাল (শারীরিকভাবে শক্তিশালী)। আমাদের চেয়ে লম্বা।’ যদিও নিজেদের কৌশলে আস্থা রাখছেন এই মিডফিল্ডার, ‘কিন্তু আমরাও টেকনিক্যালি শক্তিশালী। এগিয়ে আছি কিছুটা।’
গতিতে আফগানদের পরাস্ত করারও চিন্তা-ভাবনা জামালের, ‘আমাদের গতি আছে। আমরা চেষ্টা করবো সেরাটা খেলার, শতভাগ দেওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা ৩ পয়েন্ট পাবো (আফগানিস্তানের বিপক্ষে)।’