ফিনল্যান্ড প্রবাসীকে নিয়েই আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

অবশেষে কাজী তারিক রায়হানের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আগেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু জায়গা মিলছিল না একাদশে। অবশেষে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে একাদশে অভিষেক হতে যাচ্ছে ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডারের। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। 

এছাড়া অন্যদের আগেই লাল-সবুজ দলে খেলার অভিজ্ঞতা আছে। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে গোলপোস্টের নিচে থাকবেন আনিসুর রহমান জিকো। রক্ষণ সামলাবেন তপু বর্মণ, রিয়াদুল হাসান, কাজী তারিক রায়হান ও রহমত মিয়া। মধ্য মাঠে জামাল ভূঁইয়া ও মাশুক মিয়া জনি। আর একটু ওপরে খেলবেন সোহেল রানা। দুই উইংয়ে থাকবেন রাকিব হোসেন ও বিপলু আহমেদ। নম্বর নাইন হিসেবে খেলবেন মতিন মিয়া।

জেমি ডে ঢাকায় প্রস্তুতি ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৫-৪-১ ফর্মেশনে দলকে খেলিয়েছেন। তবে দোহাতে ৪-২-৩-১ কিংবা ৪-৫-১ ফর্মেশনে দলকে খেলানোর সম্ভাবনা আছে।

একটি বিষয় উল্লেখযোগ্য বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে যাওয়া বেশ কঠিন। ‘ই’ গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে তাদের অবস্থান। গ্রুপে ওপরের দিকে থাকতে হলে শুধু আফগানিস্তানই নয়, ভারত ও ওমানের বিপক্ষেও ভালো খেলে পয়েন্ট নিতে হবে জামাল ভূঁইয়াদের।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, রিয়াদুল হাসান, কাজী তারিক, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।