ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী আসর এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় শনিবার বড় জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানসিটি। এদিন নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এ জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো দল দুটি।
এদিন নরউইচের মাঠে খেলার ১৮ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। রহিম স্টার্লিংয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আগুয়েরো। খেলার ৩১ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন কেলেচি ইহেনচো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সিটি।
খেলার ৭৮ মিনিটে তৃতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুয়েন। নাভাস গঞ্জালেসের পাস থেকে গোলটি করেন তিনি। খেলার বাকি সময় আর কোনও গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পোলগ্রিনির শিষ্যরা।
অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। অবশ্য খেলার ১৭ মিনিটে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। ডিফেন্ডারের হাস্যকর ভুলকে কাজে লাগিয়ে গোল করেন জার্মেইন লেন্স। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি গানাররা। খেলার ২৫ মিনিটে ওয়ালকটের পাস থেকে গোল করেন ক্যাম্পবেল।
এরপর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আর্সেনালকে। খেলার ৭২ মিনিটে অ্যারন রামসে গোল করলে এমিরেটস স্টেডিয়ামে যেন প্রাণ ফিরে আসে। আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করে অলিভার জিরুদ।
/এমআর/