বঙ্গবন্ধু গোল্ড কাপে মালদ্বীপের শুভ সূচনা

বঙ্গবন্ধু গোল্ড কাপে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মালদ্বীপ। আজ সোমবার যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মালদ্বীপের জয়ের নায়ক ফরোয়ার্ড হাসান নাইজ। দুই অর্ধে দুটি গোল করেন তরুণ এই ফরোয়ার্ড, হন ম্যাচ সেরাও। মালদ্বীপ বনাম কম্বোডিয়া

খেলার চার মিনিটেই এগিয়ে যায় মালদ্বীপ। ফরোয়ার্ড হাসান নাইজের স্কয়ার পাসে প্লেসিং শটে গোলটি করেন ইসা ইসমাইল। ১৫ মিনিটে সমতা আনে কম্বোডিয়া। স্ট্রাইকার ভ্যানডেথ সন বক্সের মাঝামাঝি থেকে নিচু শটে সমতাসূচক গোলটি করেন। ৩৮ মিনিটে হাসান নাইজের গোলে আবারও এগিয়ে যায় মালদ্বীপ। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে চানরাসমে সক স্কোরলাইনে আবারও সমতা নিয়ে আসেন।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা যখন জমে উঠেছে তখন ব্যক্তিগত দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন হাসান নাইজ। খেলা শেষের তখন বাকি দশ মিনিট। ওই দশ মিনিট নির্বিঘ্নে কাটিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে মালদ্বীপ। মালদ্বীপ বনাম কম্বোডিয়া ২

/আরএম/এমআর/