সোমবার জুরিখের ফিফার কংগ্রেস হাউসে আলো ঝলমলে মঞ্চ সাজানো। অধীর আগ্রহে অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। ফিফার জনবহুল কংগ্রেস হাউসে পিন পতন নীরবতা। ঘোষণা করা হবে ২০১৫ ফিফা ব্যালন ডি’অর বিজয়ীর নাম। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা। সবার চোখ ফিফা কংগ্রেস হাউসের দিকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকা ঘোষণা করলেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীর নাম। লিওনেল মেসি! এ নিয়ে রেকর্ড পাঁচবার এ পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত দুবার ( ২০১৩ ও ২০১৪ সালে) তাকে দ্বিতীয় স্থানে ঠেলে এ পুরস্কার জিতেছিলেন রোনালদো। এবার সিআর সেভেনকে হারিয়ে রাজত্ব পুনরুদ্ধার করলেন মেসি। পেছনে ফেলেছেন নিজের প্রিয় ক্লাব সতীর্থ নেইমারকেও।
এছাড়া পুরুষ বিভাগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সার স্প্যানিশ কোচ লুইস এনরিকে। বর্ষসেরা গোলদাতার পুরস্কার (পুসকাস অ্যাওয়ার্ড) জিতেছেন ওয়েন্ডেল লিরা (ব্রাজিল)। ওমেন ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন কার্লি লয়েড। সেরা মহিলা কোচের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের জিল এলিস।
লিওনেল মেসির সঙ্গে এবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দাবিদার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এই দু’জনকে ছাপিয়ে লিওনেল মেসিই জিতলেন এই পুরস্কার। এ নিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন এই ফুটবল জাদুকর মেসি। গড়লেন অনন্য এক ইতিহাস। এর আগে টানা তিনবার (২০১০, ২০১১ ও ২০১২) ফিফা ব্যালন ডি’অর জিতেও রেকর্ড গড়েন তিনি। এছাড়া ২০০৯ সালে জিতেছিলেন ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব। যেটি বর্তমানে ব্যালন ডি'অর নামে পরিচিত।
১৯৯১ সাল থেকে ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১০ সাল থেকে সেটি পরিবর্তিত হয় ব্যালন ডি'অর-এ।
/এমআর/