ফিফা বর্ষসেরা কোচ এনরিকে

ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন বার্সা বস লুইস এনরিকে। বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলা ও চিলি জাতীয় দলের কোচ জর্জ সাম্পাওলিকে হারিয়ে এ খেতাব অর্জন করলেন তিনি। সোমবার রাতে জুরিখে জাকজমকপূর্ণ ব্যালন ডি'অর অনুষ্ঠানে সেরা কোচের নাম ঘোষণা করে ফিফা। এ বছর ব্যালন ডি'অর পেয়েছেন লিওনেল মেসি।লুইস এনরিকে

এনরিকের গত মৌসুমটা দারুণ গেছে। বার্লিনের ফাইনালে ইতালির জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জয় করেন মেসি-নেইমাররা। এর আগে বার্সেলোনাকে লা লিগা, ও কোপা দেল রে'র শিরোপা জেতান এনরিকে। এছাড়াও তার অধীনে ক্লাব বিশ্বকাপ জিতে বার্সা। এক মৌসুমে বার্সাকে মোট ৫টি শিরোপা জেতান এনরিকে। তার পুরস্কার হিসেবে ফিফা বর্ষসেরা খেতাব জিতলেন তিনি।

গত মৌসুমটা গার্দিওলার খুব একটা ভালো যায়নি। বায়ার্ন মিউনিখকে কেবল বুন্দেসলিগার শিরোপা এনে দেন স্পেনের এই কোচ। জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে তার দল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন গুঁড়িয়েছিল তার সাবেক শিষ্য মেসি-নেইমাররা-ইনিয়েস্তারা।

সাম্পাওলি চিলিকে গত কোপা আমেরিকার শিরোপা জেতান। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চিলি ফাইনালে হারায় সাম্পাওলির নিজ দেশ আর্জেন্টিনাকে।

/এমআর/