স্প্যানিশ মিডিয়ার খবরে একটা বিষয়ই ঘুরেফিরে আসছিল। লিওনেল মেসি চুক্তি বার্সেলোনার সঙ্গেই করছেন। তবে করোনাভাইরাসে কাতালান ক্লাবটির আর্থিক যে অবস্থা, সেটা ঠিক রেখে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে কীভাবে চুক্তি সম্পন্ন করবে, ভাবনায় জায়গা ছিল যথেষ্ট। এখন কাতালান ক্রীড়া দৈনিক স্পোর্তের খবর, অবশেষে বার্সেলোনার সঙ্গে সমাঝোতায় পৌঁছেছেন মেসি।
শুধু স্পোর্ত নয়, গোল ডটকমও জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ হবে ৫ বছর। ৩৪ বছর বয়সী মেসির সঙ্গে এত লম্বা সময়ের চুক্তির খবর কিছুটা বিস্ময়কর মনে হলেও চমক আসলে চুক্তির অঙ্কে। ৫০ শতাংশ বেতন কমিয়ে নাকি ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি!
বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক স্পোর্তের খবর, আর্থিক বিষয়ে কখনোই কোনও সমস্যা ছিল না মেসি ও বার্সেলোনার। করোনাভাইরাসে ক্লাবের আর্থিক অবস্থা কেমন, সব জানা আছে তার। এ অবস্থায় তার বেতন ঠিক রেখে চুক্তি করা সম্ভব ছিল না বার্সেলোনার। তাই ক্লাবের দেওয়া প্রস্তাব মেসি খুশি মনে গ্রহণ করে ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এতদিন কেন বিলম্ব হলো এই চুক্তির? কারণ হিসেবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসি কোপা আমেরিকা শেষ করেই চুক্তির আনুষ্ঠানিকতা করতে চেয়েছিলেন।
বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা বারবারই ভক্তদের আশ্বাস দিয়েছেন, মেসির সঙ্গে চুক্তির আলোচনা সঠিক পথেই আছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গোল ডটকম জানাচ্ছে, শিগগিরই এসে যাবে ঘোষণা। তাছাড়া মেসি তার বাবার সঙ্গে বার্সেলোনার আসার খবরে চাইলে একে একে দুই মিলানোই যায়!
আরেক কাতালান সংবাদপত্র এল’এস্পোর্তিউ জানিয়েছে, আজ (বুধবার) মেসি ও বার্সেলোনা সমঝোতায় পৌঁছেছে। বাকি থাকা আনুষঙ্গিক বিষয়গুলো সম্পন্ন হলেই আসবে চূড়ান্ত ঘোষণা। এই খবর যদি সত্যি হয়, তাহলে বলার অপেক্ষা রাখে না ন্যু ক্যাম্পে থাকতে কতটা আগ্রহী ছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। প্যারিস সেন্ত জার্মেইয়ের মোটা বেতনের প্রস্তাবে সাড়া না দিয়ে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৫০ শতাংশ বেতন কমিয়ে!
তবে ৩৪ বছর বয়সী মেসির সঙ্গে ৫ বছরের চুক্তির খবরে কিছুটা খটকা লাগতে পারে। যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, ৫ বছরের চুক্তি হচ্ছে অন্যভাবে। দুই-তিন বছর বার্সেলোনায় খেলার পর মেসি পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে- মেজর লিগ সকারে। ওই সময়ও তিনি বার্সেলোনার সঙ্গী থাকবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে।
২০১৯-২০ মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে চুক্তির এক বছর বাকি থাকায় কাতালান ক্লাব ছাড়তে চায়নি। এবারের মৌসুম শেষে যেহেতু তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, তাই ফ্রি এজেন্ট হয়ে যান মেসি। বাধাহীনভাবে যেকোনও ক্লাবে যেতে পারতেন। যদিও ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আশৈশব ক্লাবেই থেকে যাচ্ছেন, তাও ৫০ শতাংশ বেতন কমিয়ে!