আরামবাগকে উড়িয়ে রানার্স-আপ লড়াইয়ে আবাহনী

চার ম্যাচ আগেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। এবার রানার্স-আপ হওয়ার দৌড়ে রয়েছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। সোমবার অবনমন অঞ্চলে থাকা আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে সেই লড়াইয়ে ভালোভাবে আছে মারিও লেমসের দল। ৬ গোলের তিনটি এসেছে জুয়েল রানার কাছ থেকে। একটি করে গোল করেছেন সানডে, ফয়সাল আহমেদ শীতল ও সোহেল রানা।

এই জয়ে আবাহনী লিমিটেড আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ২০ ম্যাচে ১১তম জয়ে ৪০ পয়েন্ট পেয়েছে। শেখ জামাল এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। আরামবাগ আগের ৫ পয়েন্ট নিয়ে সবার তলানিতে থেকে অবনমন অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে সানডের ডিফেন্সচেরা পাস থেকে জুয়েল রানা বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে আবাহনীকে এগিয়ে নেন।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন হয়। অগাস্তোর ক্রসে বক্সে বল পেয়ে আবারও গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন জুয়েল রানা। ২ গোলে পিছিয়ে থেকে আরামবাগের গোলকিপার ওমর ফারুকের জায়গায় শিবলি আহমেদ মাঠে। কিন্তু তাতেও আবাহনীর গোল উৎসব আটকানো যায়নি।

৪১ মিনিটে বেলফোর্টের থ্রু পাস থেকে সানডের লক্ষ্যভেদ করতে কোনও ভুল হয়নি।

বিরতির পর আবাহনীর আক্রমণ অব্যাহত ছিল। ৬৯ মিনিটে ওয়ালি ফয়সালের পাসে বদলি স্ট্রাইকার ফয়সাল আহমেদ শীতল প্লেসিং করে দেন। ৭১ মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তার শট পোস্টে লেগে প্রতিহত হলে পঞ্চম গোল পাওয়া হয়নি।

৭৮ মিনিটে আরামবাগ একটি গোল শোধ দিতে পেরেছে। দিলশদ নাজিরভ লক্ষ্যভেদ করেন। তবে ৮৮ মিনিটে সোহেল রানার লক্ষ্যভেদে আরামবাগ আরও পিছিয়ে পড়ে। আর যোগ করা সময়ে জুয়েল রানা করেন হ্যাটট্রিক।