৫ দল নিয়েই হবে সাফ ফুটবল

আগামী ১ থেকে ১৩ সেপ্টেম্বর মালদ্বীপে হতে যাচ্ছে 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' বলে পরিচিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেখানে ৫ দল আগে থেকেই ছিল। শুধু ভুটানের অংশগ্রহণ নিশ্চিত ছিল না। সিদ্ধান্ত নিতে তারা তিন দিন সময় চেয়েছিল। শেষ পর্যন্ত তারা অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছে। তাই বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়েই হবে এই চ্যাম্পিয়নশিপ। 

৬টি দেশ হলে দুই গ্রুপে খেলা হতো। এখন ৫টি দেশ হওয়ায় লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। ফাইনালের আগে প্রতিটি দল চারটি করে ম্যাচ পাবে।
ট্রফির লড়াইয়ে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে। 

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফ ফুটবল মালদ্বীপে হবে। ৫টি দেশ অংশ নেবে। ভুটান শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে যে, তারা অংশ নিতে পারবে না। ফ্লাইট জটিলতা ছাড়াও তাদের কোয়ারেন্টিন সমস্যা রয়েছে।’