বায়ার্নের জয়ে না থেকেও ছিলেন জার্ড মুলার

যে বায়ার্ন মিউনিখকে আজ সবাই ভালোবাসে, তার উত্থানে বড় অবদান ছিল জার্ড মুলারের। গত রবিবার পরলোকে পাড়ি জমিয়েছেন। জার্মান কিংবদন্তির মৃত্যুতে তাকে স্মরণ না করে থাকা যায়? জার্মান সুপার কাপের মঞ্চে হয়েছেও তাই। এক মিনিট নীরবতা পালনের পরই মাঠে গড়িয়েছে বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ডের আগুনে লড়াই।

পরে সেই নীরবতা থেকেই করতালির ঢেউ উঠে এই কিংবদন্তির স্মরণে। তখন জার্ড মুলারের বিখ্যাত ৯ নম্বর জার্সিটা তুলে ধরেছিলেন আরেক তারকা থমাস মুলার! কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানানোর পর সেই শোককেই শক্তিতে পরিণত করেছিল বায়ার্ন। তাতে টানা দ্বিতীয় ও রেকর্ড নবমবার জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে জায়ান্টরা। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৩-১ গোলে।জার্ড মুলারের ৯ নম্বর জার্সি উঁচিয়ে ধরেন থমাস মুলার।

এই জয়ে সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছেন সদ্যই কোচের দায়িত্ব পাওয়া নাগেলসমান। চারটি প্রাকমৌসুম ম্যাচ খেলে ফেললেও জয় পাননি একটিতে! এমনকি বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচেও জয় ছিল না। সেই দলটি সুপার কাপে শুরুতেও গোল হজম করতে বসেছিল। বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যার বাধা হয়ে দাঁড়ানোয় কোনও দুর্ঘটনা ঘটেনি। করেছেন দুটি সেভ। এর পর অবশ্য দলটিকে এগিয়ে নিয়েছেন লেভানদোভস্কি। ৪১ মিনিটে তার শক্তিশালী হেডে স্কোর দাঁড়ায় ১-০।

বিরতির পর স্কোর ২-০ করতে সময় নেননি মুলার। ৫৩ মিনিটে অবশ্য একটি গোল বাতিল হয় ডর্টমুন্ডের। হালান্ড গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। তবে ডর্টুমন্ড ৬৪ মিনিটে একটি গোল শোধ দিতে পারে মার্কো রয়েসের কল্যাণে। তাতে ম্যাচে ফেরার একটা সম্ভাবনা তৈরি হলেও সেটি পুরোপুরি উবে যায় লেভানদোভস্কি ৭৪ মিনিটে আরেকটি গোল তুলে নিলে। সেটি হয়েছে ডর্টমুন্ডের আকানজির ভুলে। বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি বায়ার্ন তারকা। তাতে মৌসুমের প্রথম ট্রফিও নিশ্চিত হয়েছে জায়ান্টদের।