জাতীয় দলে ডাক পাওয়ার দিনেই আতিকুজ্জামানের গোল

আগামী মাসের শুরুতে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজই ঘোষিত জেমি ডের দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামানের। এমন দিনে প্রিমিয়ার লিগ ফুটবলে দলের হয়ে গোলও পেলেন এই তরুণ ফুটবলার! আতিকুজ্জামান ও ইয়াসানের লক্ষ্যভেদে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধের ৩০ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান উয়াটচিং গোল করে দলকে এগিয়ে নেন। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী আতিকুজ্জামান।

একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। ম্যাচ ঘড়ির ২৯ মিনিটে জন ওকোলির কাটব্যাক থেকে ফয়সাল আহমেদ ফাহিম দারুণ শটে জাল খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। ইয়াছিন আরাফাতের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ। বলের লাইনে থাকলেও গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল আটকাতে পারেননি।

সন্ধ্যায় একই স্টেডিয়ামে নুরুল আবসারের দেওয়া একমাত্র গোলে শেখ জামাল হারিয়েছে রহমতগঞ্জকে।

২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা সাইফ স্পোর্টিং ৪১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। পুলিশ এফসি ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ২৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ১৯ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

এছাড়া শেখ জামাল ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে রহমতগঞ্জ ২২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।