ক্লাব কোচিংয়ে নিজের ভবিষ্যৎ পরিষ্কার করলেন পেপ গার্দিওলা। দীর্ঘদিন ম্যানচেস্টার সিটিতে কাটানো এই কোচ জানিয়েছেন, ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হলে সেটি আর নবায়ন করবেন না। তাহলে কোথায় যাচ্ছেন তিনি?
নিজের ভবিষ্যৎ নিয়ে ৫০ বছর বয়সী গার্দিওলা বলেছেন, ‘দীর্ঘ সাত বছর ম্যানসিটিতে কাটানোর পর আমার মনে হয় বিরতির প্রয়োজন।’
তাহলে এই বিরতিই কি তার শেষ? এর উত্তরও দিয়েছেন গার্দিওলা। তিনি পরিষ্কার করেছেন যে, ম্যানসিটির পর কোন ক্লাবে যাচ্ছেন না, ‘একটা জায়গায় দীর্ঘদিন থাকার পর আমার বিশ্রাম দরকার। থেমে থেকে কিছু বিষয় মূল্যায়নেরও প্রয়োজন আছে। এছাড়া অন্য কোচদের কাছ থেকে শিখতে হবে।’
এর পরেই বলেছেন, এই প্রক্রিয়ার মাঝে যদি জাতীয় দলে কোচিংয়ের সুযোগ পান, সেটি লুফে নেবেন সানন্দে, ‘এই প্রক্রিয়া চলার মাঝে যদি জাতীয় দলে কোচিংয়ের সুযোগ হয়। তাহলে সেটি ভালোবেসেই গ্রহণ করবো। সেটি হতে পারে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ। আমি এ অভিজ্ঞতাগুলোও নিতে চাই।’
কোচ হিসেবে গার্দিওলার ক্যারিয়ার ভীষণ সমৃদ্ধ। গার্দিওলা প্রিমিয়ার লিগে শেষ ৫ মৌসুমে ম্যানসিটিকে ৩বার শিরোপা জিতিয়েছেন। সিটি গতবার তো চ্যাম্পিয়নস লিগ ফাইনালেই পৌঁছেছিল। কিন্তু চেলসির কাছে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে।
তবে বার্সেলোনার হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুবার। লা লিগা শিরোপাও আছে তিনটি। বুন্দেসলিগায় সম সংখ্যক শিরোপা জিতেছেন বায়ার্ন মিউনিখেও।