লিওনেল মেসির অভিষেক নিয়ে গুঞ্জনটা যতই জোরালো হোক না কেন। প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কোচ মাওরিসিও পচেত্তিনো কিন্তু এখনও আর্জেন্টাইন ফরোয়ার্ডের খেলা নিয়ে সন্দিহান!
রবিবার রেইমসের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা। ম্যাচটায় মেসির দলে থাকা নিয়ে পচেত্তিনো যে কথা বলেছেন। তাতে এটা স্পষ্ট যে, মেসির অভিষেকের বিষয়টা এই ম্যাচেও নিশ্চিত কিছু নয়, ‘আমাদের আগে বিশ্লেষণ করা লাগবে। তার পরই সিদ্ধান্ত নেবো।’
তবে মেসিকে রাখা হতে পারে বলে একটা সম্ভাবনার কথা বলেছেন তিনি। কিন্তু সেটা চূড়ান্ত কিছু নয় বলে মনে হলো পিএসজি কোচের কথায়, ‘নেইমার, মেসি ও এমবাপ্পে- হয়তো তিনজনেরই দলে থাকার সম্ভাবনা আছে।’
বার্সা থেকে দুই বছরের চুক্তি করে এলেও পিএসজিতে মেসির অভিষেকটা এখনও হয়নি। বিশেষ করে কোপা আমেরিকায় খেলার পর মেসি আর মাঠেই নামেননি। তবে নতুন জায়গায় এসে মেসি যে মানিয়ে নিচ্ছেন, সে কথা আবারও উচ্চারণ করলেন পিএসজি কোচ, ‘মেসি ভীষণ অনুপ্রাণিত। যেহেতু সে একজন পেশাদার ফুটবলার। তাই দ্রুত মানিয়ে নিচ্ছে। আর নতুন লিগে মানিয়ে নেওয়ার ক্ষমতা ওর ভালো করেই আছে।’