তিনজাতি ফুটবল প্রতিযোগিতায় নিশ্চিতভাবেই ফেভারিট কিরগিজস্তান। এরই মধ্যে ফিলিস্তিনকে হারিয়ে তারা নিজেদের আধিপত্যও দেখিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে জিততে পারলেই প্রতিযোগিতায় সেরা হওয়ার কৃতিত্ব পাবে। তবে শক্তিশালী প্রতিপক্ষকে সহজেই ছেড়ে দিতে চাইছে না জামাল ভূঁইয়ারা। প্রতিশ্রুতি দিচ্ছে যথাসাধ্য লড়াইয়ের। যদিও কাজটি খুব কঠিন। আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায়।
লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ফিলিস্তিনের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর পর বিরতি ছিল মাত্র এক দিনের। কোচ জেমি ডেও মানছেন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করাটা ভীষণ কঠিন, ‘কিরগিজস্তানের বিপক্ষে পয়েন্ট পাওয়া বেশ কঠিন। আমরা চেষ্টা করবো নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে। এতে করে প্রতিপক্ষকে যথাসাধ্য আটকে রাখার চেষ্টা থাকবে। তবে কিরগিজদের খেলা দেখেছি। তাদেরকে আটকানো আসলেই বেশ কঠিন। দলটির অনেকে ইউরোপে খেলে। পাসিং, রানিং ও মুভমেন্ট ভালো। প্রেসিংও দেখার মতো।’
সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে কিরগিজস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানেও ফল অনুকূলে ছিল না। প্রথম লেগে হারতে হয়েছে ৩-১ গোলে। ফিরতি লেগে বাংলাদেশ হেরেছিল ২-০ ব্যবধানে।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের বিস্তর ব্যবধান। বাংলাদেশ আছে ১৮৮ নম্বরে আর কিরগিজরা ১০১ তম অবস্থানে। এর পরেও ভালো খেলতে মুখিয়ে রাকিব হোসেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আজ আরও ভালো খেলার চেষ্টা করবো। কোচ আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যদি তার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। তবে মুভমেন্ট, রানিং ও প্রেসিংয়ে কিরগিজস্তান খুব ভালো দল। আমাদের শক্তিশালী দিক হলো, গতি।’