আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
গত সপ্তাহে এভারটনের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছিল সিটি। তবে শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ২২তম মিনিটে এগিয়ে যায় সিটি। প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা শটে ক্রিস্টাল গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ।
৪১তম মিনিটে প্রায় একই রকম দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো। ৬৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন আগুয়েরো। ৮৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা ব্যবধান আরও বাড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এই জয়ের পর ২২ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট লিস্টার সিটি ও আর্সেনালের। তবে গোল গড়ে এগিয়ে ম্যানসিটি। দিনের শেষ ম্যাচে লিস্টার অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিলে অথবা ড্র করলে শীর্ষে উঠে যাবে এই মৌসুমে চমক দেখানো দলটি।
/এমআর/