সেরা নৈপুণ্য দিয়ে ফাইনালে খেলতে চায় বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে কাল সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাহরাইনের মুখোমুখি হচ্ছে আয়োজক বাংলাদেশ। যদিও বাহরাইনের দলটি একটি বাছাই দল এবং নবীনদের নিয়ে গড়া। এছাড়া স্কিলে কোনও অংশে কম নয় তারা। তবে নিজ মাঠে ও নিজ দর্শকদের সামনে বাংলাদেশ অভেদ্য একটি দল হিসেবে আবির্ভূত হবে বলে জানালেন কোচ মারুফ ও অধিনায়ক মামুনুল ইসলাম।
বাহরাইন ছোট ছোট পাসে দ্রুতগতিতে খেলে, মিডফিল্ডার মোহাম্মদ আলিনার তাদের আক্রমণের মূল স্তম্ভ। তিনটি ম্যাচ খেলে তারা মোটামুটি সেটও হয়ে গিয়েছে, বাংলাদেশের ডিফেন্স ও মাঝমাঠ ঠিক থাকলেও স্কোরিং সমস্যা রয়েই গিয়েছে। সেটি নিয়েই বেশি মাথা ব্যথা কোচ ও অধিনায়কের। 
রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ মারুফ বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলা, আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে চলার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এখন সামনে সেমিফাইনাল আর এর প্রতিপক্ষ বাহরাইন। নিঃসন্দেহে তারা শক্তিশালী দল, গ্রুপ পর্যায়ে আমাদের দুর্বলতা ছিল স্কোরিংয়ে। এই দুর্বলতা কাটাতে আমরা মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়েছি। আশা করি এই দুর্বলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আর শেষ ম্যাচে আমরা গোল করতে পারিনি এটি আমাদের মাথায় আছে।’

প্রতিপক্ষ নিয়ে কোচ আরও বলেন, ‘বাহরাইনের কোন দল খেলছে সেটি কোনও ব্যাপার নয়। এশিয়ার শীর্ষ দলগুলোর একটি বাহরাইন; যোগ্যতা প্রমাণ করেই তারা সেফিাইনালে এসেছে। প্রতিপক্ষকে খাঁটো করে দেখার কোনও মানে নেই। কোনও দুর্বল দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে না। বাহরাইনকে আমরা সম্মান করেই খেলবো।’

এসময় ম্যাচে জয়ের লক্ষ্যেই নামার কথা বলেন মারুফ। বলেন, ‘সে যাই হোক, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। আমি আশাবাদী ফাইনালে বাংলাদেশ পৌঁছাবে।’

নিজেদের লক্ষ্য নিয়ে মারুফ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে নির্ধারিত সময়েই খেলা শেষ করা। তবে এর মানে এই নয় যে অতিরিক্ত সময়ের প্রস্তুতি আমাদের থাকবেনা। আমরা ৯০ মিনিটেই খেলা শেষ করতে চাই, জয়ী হতে চাই।’

অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আমাদের কী আর বলার আছে। প্রথম ম্যাচে জয়ী হওয়ার পর সেমিফাইনালে চোখ রেখেছিলাম। এখন সেটিতে জয়ী হওয়ার জন্যই মাঠে নামবো।’

নিজেদের দুর্বলতা নিয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের দুর্বলতা হলো আমরা গোলের সুযোগ নষ্ট করি। আগে যদি গোল করতে পারি তবে চিত্রটা পাল্টে যায়। আমাদের লক্ষ্য হলো ‘ফার্স্ট স্ট্রাইক’।’

শেষ দিকে আগের ম্যাচের জয়কে উদাহরণ হিসেবে না আনার কথা জানিয়ে বলেন, ‘এর আগে কোন ম্যাচে কী খেলেছি তা ভেবে কোনও লাভ নেই। কাল ’ডু অর ডাই’ ম্যাচ। কালকের পারিপার্শ্বিকতা সম্পূর্ণ ভিন্ন ও নতুন। আমরা চাপ নিয়েই খেলছি, আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি তা বাস্তবায়ন করতে চাই। আমাদের সেরা নৈপুণ্য দিয়েই ফাইনালে খেলবো।’

 

/আরএম/এফআইআর/