বিরতির পর ১-০ তে পিছিয়ে বাংলাদেশ 

সাফ চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত স্বাগতিক মালদ্বীপকে কোনও গোল দিতে দেয়নি বাংলাদেশ। স্বাগতিকদের আক্রমণ বেশ ভালোভাবে সামাল দিলেও বিরতির পরই গোল হজম করেছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে জামাল-তপুরা। 

যদিও মালের জাতীয় স্টেডিয়ামে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে শুরুর দিকে সুযোগ পেয়েছিল অস্কার ব্রুজনের দলই। একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। ৪-১-৪-১ ছকে সোহেল রানা ও রহমত মিয়া শুরু থেকে খেলছেন। ২ মিনিটে বিপলু আহমেদের শট সরাসরি গোলকিপার মোহাম্মদ ফয়সালের তালুতে জমা পড়ে। ৯ মিনিটে আবারও বিপলুর বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রস বারের ওপর দিয়ে যায়। ২২ মিনিটে জামালের কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইর থেকে জোরালো শট নিয়েছিলেন ইব্রাহিম। কিন্তু তা লক্ষ্যে থাকেনি। এরপর থেকে মালদ্বীপ গোল করতে মরিয়া হয়ে উঠে। তবে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

৪৪ মিনিটে আলী আশফাকের ফ্রি-কিক থেকে আলী ফাসিরের প্লেসিং ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়। যোগ করা সময়ে আলী আশফাকের ফ্রি-কিক গোলকিপার জিকো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

শেষ পর্যন্ত বিরতির পর গোল পায় স্বাগতিক দল। ৫৫ মিনিটে হুসেইন নিহানের হেড থেকে হামজা মোহামেদ বাইসাইকেল কিকে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন। গোলকিপার জিকো কিছুই করতে পারেননি।