ফুটবল, ক্রিকেট, ভলিবল নিয়ে মেয়র কাপ

প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে। যার প্রতিপাদ্য- ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’।

সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে মেয়র কাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে একটি প্রমোচিত্রও প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ভলিবল খেলোয়াড় হরষিত বিশ্বাস মেয়র কাপে অংশ নিতে ক্রীড়াবিদদের আহ্বান জানাচ্ছেন।

ফুটবল, ক্রিকেট, ভলিবল- তিনটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এবারের মেয়র কাপ। ১৫ নভেম্বর শুরু হবে মাঠ ও কোর্টের খেলা। উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দলও অংশ নেবে এবার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেকোনও নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন।

৫৪ জন কাউন্সিলর এবং ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে তিনটি ইভেন্টের দল। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী।

মেয়র কাপের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।টুর্নামেন্ট নিয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. সেলিম রেজা বলেছেন, ‘ক্রীড়াবিদরা একটি দেশের রাষ্ট্রদূত। আমরা বিশ্বাস করি, মেয়র কাপের মাধ্যমে আমরা পাড়া-মহল্লায় রোমাঞ্চ ছড়াতে পারবো।’

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘তিনটি ইভেন্ট নিয়ে আমরা এবার মেয়র কাপ শুরু করছি। আগামী বছর আরও বড় করে মেয়র কাপ অনুষ্ঠিত হবে। কালকে মিটিংয়ের পর মেয়র কাপ নিয়ে যে আলোচনা শুনেছি, সেটাই টিম স্পিরিট।’

সিটি করপোরেশনের মেয়র আরও বলেছেন, ‘আমরা সবাই চাই একটি সুন্দর শহর। কিন্তু আমাদের ছেলেমেয়েরা ফোন-ল্যাপটপে পড়ে থাকে। এটা তাদের দোষ নয়, আমরা তাদের মাঠে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা সব মাঠ দখল করে দালান বানাচ্ছি। এতে আমাদের ছেলেমেয়েরা খেলার মাঠ পাচ্ছে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দরকার। আমরা সবাই মিলে চেষ্টা করেছি খেলাধুলার একটা ব্যবস্থা করতে। কারণ, খেলাধুলার কোনও বিকল্প নেই। আগামীতে যেন আরও বড় আকারে করা যায় সেই চেষ্টা করবো।’

সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, ‘খুব ভালো উদ্যোগ। সব কাউন্সিলর মিলে চেষ্টা করলে, সফলভাবে আয়োজন করা সম্ভব। আশা করি, আমরা সবাই মিলে সফলভাবে সেটি করতে পারবো। এবার হয়তো তিনটি ইভেন্ট নিয়ে মেয়র কাপ হবে। ভবিষ্যতে আরও বেশি ইভেন্ট বাড়িয়ে প্রতিভা খুঁজে আনা সম্ভব হবে।’

সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, ‘আতিক ভাই ফুটবলার ছিলেন। যেহেতু আমি ফুটবলার, আতিক ভাইয়ের ডাকে আমি পাশে থাকবো। ফুটবল ইভেন্টকে সফল করতে কাউন্সিলরদের ভূমিকা অনেক। আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যেন মাঠে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

বক্তব্য শেষে মেয়র কাপের লগো উন্মোচন করা হয়। সবশেষে পরিবেশিত হয় টুর্নামেন্টের থিম সং।