যেকোনও মাঠে খেলতে প্রস্তুত বাংলাদেশ

অতিবৃষ্টিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে (রবিবার) কোনও খেলা মাঠে গড়ায়নি। আগের দিনই বাংলাদেশ-সেশেলস ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ (সোমবার) সন্ধ্যায় মালদ্বীপ-শ্রীলঙ্কার লড়াইও বৃষ্টিতে ভেসে গেছে। দুটি ম্যাচই আগামীকাল (মঙ্গলবার) হতে যাচ্ছে। বৃষ্টির কারণে ভেজা মাঠে খেলা হওয়ার সম্ভাবনা আছে। তবে মাঠের যে অবস্থাই থাকুক না কেন বাংলাদেশ দল খেলতে প্রস্তুত।

কলম্বোর রেসকোর্স মাঠ বৃষ্টিতে পানি জমে যায়। আগের দিনই দলের ম্যানেজার গিয়ে মাঠের অবস্থা দেখে সন্তুষ্ট হতে পারেননি। তাই বৃষ্টির প্রসঙ্গ আসতেই জাতীয় দলের পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার মনে হয় খেলার মান অতটা ভালো হবে না। মাঝেমধ্যে আমরা বাংলাদেশের কর্দমাক্ত মাঠে খেলি। তবে আমি কোনও অজুহাত দেখাচ্ছি না। যদি মাঠ কর্দমাক্ত থাকে, তাহলে এটা দুই দলের জন্যই কঠিন হবে। যেকোনও মাঠেই খেলতে আমরা প্রস্তুত এবং জয়ের চেষ্টা করবো।’

অনুশীলনের জন্য একদিন সময় বেশি পাওয়াতে ঘাম ঝরিয়েছে মারিও লেমসের শিষ্যরা। কোচও বিষয়টি বেশ ইতিবাচক হিসেবে নিয়েছেন। অনুশীলন শেষে বলেছেন, ‘যেহেতু আমরা একসঙ্গে অনুশীলনের খুব বেশি সময় পাইনি, সেহেতু অনুশীলনের জন্য অতিরিক্ত একটা দিন পাওয়া ইতিবাচক। যদি ম্যাচটা আজও (সোমবার) হতো, খেলার জন্য তৈরি ছিলাম আমরা। আশা করি, আগামীকাল আবহাওয়া খুব একটা খারাপ হবে না এবং আমরা খেলতে পারবো। অতিরিক্ত পাওয়া সময়ে আমরা সেট পিস, ডিফেন্স নিয়ে কাজ করেছি, যেটা আমাদের জন্য ভালো হয়েছে।’

আগামীকাল সেশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপে আমরা ওদের (সেশেলস) খেলা দেখেছি, ওরা কেমন খেলে, সেটা দেখেছি। সবকিছু মিলিয়ে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আশা করি, কালকের ম্যাচে আমরা ভালো কিছু করবো। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি এ ম্যাচটা আমরা বের করে আনতে পারি, তাহলে পরের দুটি ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে যাবে।’

এই ম্যাচে নিজেদের কিছুটা হলেও এগিয়ে রাখছেন তপু, ‘সবশেষ দুটি ম্যাচে ওরা হেরেছে। আমরা কিন্তু খেলার মধ্যে ছিলাম। লিগ খেলেছি, সাফে খেলেছি। আমার মনে হয়, ওদের চেয়ে ম্যাচ ফিটনেস কিছুটা হলেও বেশি থাকবে আমাদের। ম্যাচ টেম্পারমেন্টও অনেক বড় ব্যাপার। তবে অবশ্যই তারা আফ্রিকার দল, ফিজিক্যালি শক্তিশালী হবে। তবে আমরা যদি পায়ে বল রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’