ভিন্ন গ্রুপে আবাহনী-মোহামেডান-বসুন্ধরা

স্বাধীনতা কাপ ফুটবল সবশেষ মাঠে গড়ায় ২০১৮ সালে। এরপর করোনার কারণে সেটি ধারাবাহিকভাবে গড়ায়নি। এবার ঘরোয়া ফুটবল মৌসুমই শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ দিয়ে। আগামী ২৭ নভেম্বর থেকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ড্রয়ের পাশাপাশি লোগো উন্মোচনও হয়ে গেছে।

১৫ দলের এই প্রতিযোগিতায় শিরোপাপ্রত্যাশী আবাহনী, বসুন্ধরা ও মোহামেডান তিন জায়ান্ট পড়েছে ভিন্ন গ্রুপে।

১৯৯০ সালে একবারই স্বাধীনতা কাপ জেতা আবাহনী ২০১৬ সালে সবশেষ রানার্সআপ হয়েছিল। ‘এ’ গ্রুপে আবাহনী লিমিটেড ছাড়া আছে রহমতগঞ্জ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ।

গ্রুপ ‘ডি’তে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী, পুলিশ ও নৌবাহিনী দল। তাই গ্রুপটি যে সহজ নয়, তা বলেই দেওয়া যায়।

প্রতিযোগিতার সবচেয়ে সফল দল মোহামেডান সবশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালে। তিনবারের চ্যাম্পিয়নরা এবার ‘সি’ গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও সেনাবাহিনী।

শেখ রাসেল ও শেখ জামাল রয়েছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপের ফেভারিটও তারা। উত্তর বারিধারা ও বিমানবাহিনী কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে তা এখন দেখার বিষয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিন ও রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনাল।

স্বাধীনতা কাপের গ্রুপিং

‘এ’ গ্রুপ- ঢাকা আবাহনী, রহমতগঞ্জ, স্বাধীনতা সংঘ

‘বি’ গ্রুপ- শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা, বাংলাদেশ বিমানবাহিনী

‘সি’ গ্রুপ- সাইফ স্পোর্টিং ক্লাব, ঢাকা মোহামেডান, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনী

‘ডি’ গ্রুপ- বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী