সাড়ম্বরে দলবদলে এলো মোহামেডান

উৎসব মুখর পরিবেশেই হয়ে গেলো দলবদল। এর মধ্যে ঐতিহ্যবাহী মোহামেডান তো বাদ্য বাজিয়ে সমর্থকদের নিয়ে এসেছিল। বুধবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরগরম হয়ে ওঠে ক্লাবগুলোর এমন আগমনে। এদিন মোহামেডান ছাড়াও শেখ রাসেল, পুলিশ ফুটবল ক্লাব ও সাইফ স্পোটিং আনুষ্ঠানিক দলবদল করেছে।

প্রায় শ’খানেক সমর্থক নিয়ে বাফুফে ভবনে আসে সাদা-কালোরা। আগের মতো এবারও তারা তারুণ্য নির্ভর দল গড়েছে। ৩১ সদস্যদের দলে নেই বর্তমান জাতীয় দলের কোনও ফুটবলার! চার বিদেশির মধ্যে মালির স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে ও নাইজেরিয়ার ওবি মনেকে আগে খেলেছেন। ওবি মনেকে এক মৌসুম পর ফিরলেন। বাকি দু’জনের একজন অস্ট্রেলিয়া ও অন্যজন মেসিডোনিয়ার। তবে স্বাধীনতা কাপে ভিসা জটিলতায় এক বিদেশি নিয়ে মাঠে নামবে দলটি।

২০০২ সালের পর থেকে লিগ শিরোপা জিততে পারছে না মোহামেডান। গতবার ষষ্ঠ হয়েছে। অস্ট্রেলিয়ান কোচ শন লেন অবশ্য আগের চেয়ে ভালো ফল করতে চাইছেন, ‘আমরা গত আসরে এক পয়েন্টের জন্য চতুর্থ হতে পারিনি। এবার অবশ্যই চতুর্থ এবং এর চেয়ে ওপরে উঠার লক্ষ্য আমাদের। গত বার আমাদের স্কোরিংয়ে সমস্যা ছিল। এবার সেখানে ভালো মানের বিদেশি নিয়েছি।’

এক যুগ পর আবারও মোহামেডানে ফিরেছেন সাবেক তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। পুরনো দলে ফিরে বলেছেন, ‘মোহামেডান গত দুই বছর যাবৎ ভালো পারফরম্যান্স করছে। আমার চেষ্টা থাকবে দলের পারফরম্যান্স যেন আরও ভালো হয়।’