চোট কাটিয়ে শনিবার লা লিগার খেলায় মাঠে ফিরছেন লিওনেল মেসি। তবে 'এমএসএন' ত্রয়ীর অপর সদস্য নেইমার চোটের কারণে লা লিগার এই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি মেসি। গত শনিবার একই প্রতিপক্ষের বিপক্ষে ৬-০ ব্যবধানের জয় পাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কিং লিও। তবে বৃহস্পতিবারই ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি।
শুক্রবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন ব্রাজিল অধিনায়ক নেইমার। চলতি মৌসুমে মাত্র দুটি বাদে সব লিগ ম্যাচই খেলেছেন তিনি। গোল করেছেন ১৭টি। অন্যদিকে নিষেধাজ্ঞা থাকায় ডিফেন্ডার জেরার্ড পিকে খেলছেন না। জর্ডি আলবা এবং রাফিনহাও চোট নিয়ে মাঠের বাইরে অবস্থান করছেন।
লা লিগায় বার্সেলোনা ১৯ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে শনিবার জিততে পারলেই শীর্ষে উঠবে কাতালানরা।
/এমআর/