‘ফেডারেশন কাপ চলবে, যারা খেলতে আসেনি ভুল করেছে’

কমলাপুর স্টেডিয়ামের টার্ফ ও ফেডারেশন কাপের ফরম্যাট নিয়ে অভিযোগ জানিয়ে খেলতে অপারগতা প্রকাশ করেছে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। আজ (শনিবার) শুরুর দিনে দল দুটি মাঠেও আসেনি। এমন ‘অচলাবস্থায়’ বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর ঘোষণা, ফেডারেশন কাপ চলবে।

আজ সন্ধ্যায় ফেডারেশন কাপ উদ্বোধন করার কথা ছিল বাফুফের এই কর্মকর্তার। অথচ সেটির বদলে অন্য প্রসঙ্গে কথা বলতে হলো। মাঠের এক কোণে সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে সালাম বলেছেন, ‘ফেডারেশন কাপ চলবে। এর কোনও পরিবর্তন হবে না। কাল (রবিবার) ম্যাচ না হলে তখন দেখা যাবে কী করা যায়। যারা খেলতে আসেনি ভুল করেছে। এখন যা-ই হবে, সব বাইলজ অনুযায়ী হবে।’

স্বাধীনতা ক্রীড়া সংঘ ও আবাহনী লিমিটেড মাঠে আসলেও আসেনি তাদের প্রতিপক্ষ যথাক্রমে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। বাফুফের কর্মকর্তা বলেছেন, ‘এখন আর কথা বলার সুযোগ নেই। রেফারি যখন মাঠে নামে, দল চলে আসে। সবকিছু বাইলজ অনুযায়ী হয়েছে। এখন এটা ডিসিপ্লিনারি কমিটির কাছে চলে যাবে। যারা মাঠে এসেছে তারা পূর্ণ পয়েন্ট পাবে। আর ৬ ডিসেম্বর ক্লাবের প্রতিনিধিরা বাইলজের সবকিছু মেনে নিয়ে স্বাক্ষর করেছে। এখানে সমন্বয়হীনতার কিছু নেই।’

কমলাপুর মাঠ নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথাও মনে করিয়ে দিলেন সালাম, ‘সবশেষ মিটিংয়ে ১২ দলের সবাই উপস্থিত ছিল। যেহেতু আমাদের মাঠ সংকট এবং সীমাবদ্ধতা আছে তাই কমলাপুরে টুর্নামেন্ট হবে। সবকিছু মিলিয়ে ক্লাবগুলো একমত পোষণ করেছে। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা কাপ শেষ হয়েছে এবং ফেডারেশন কাপ আয়োজন করি।’