মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবলে পুলিশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। ৪ ডিসেম্বর হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর এখনও সুস্থ হতে পারেননি দেশের সেরা এই ডিফেন্ডার। তাই উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ভিসার জন্য প্রক্রিয়াও শুরু করেছেন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মধ্যে খেলার এক পর্যায়ে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে আঘাত পান তপু। এর পর থেকেই আছেন বিশ্রামে।
ভারতে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে তপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'মুম্বাইয়ে একজন ডাক্তার আছেন। তিনি লিগামেন্টের চিকিৎসার জন্য বিখ্যাত। ভিসার জন্য এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি এই মাসের কোনও এক সময় সেখানে যেতে পারবো। সেখানে গিয়ে বুঝতে পারবো কবে নাগাদ সুস্থ হতে পারবো।’
তবে সূত্রমতে, তপুর যা অবস্থা তাতে ক্লাব কিংবা জাতীয় দল থেকে বেশ কিছুদিনের জন্য বাইরে থাকতে হচ্ছে তাকে।