শুরুতে প্রিমিয়ার লিগ ফুটবলের ভেন্যু ছিল সাতটি। কমতে কমতে ঠেকেছিল তিনে। এবার আরেকটি কাটা পড়লো! বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার এবারের আসরের ভেন্যু থেকে সবশেষ কাটা পড়েছে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনার নাম।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে পেশাদার লিগ কমিটির জরুরি সভাতে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অথচ সবশেষ তিন ভেন্যু সামনে রেখে ফিক্সচারও করা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতে আবারও একটি ভেন্যু কমেছে। আগামী বৃহস্পতিবার থেকে ১২ দলের লড়াই হবে দুই ভেন্যুতে।
বসুন্ধরা অ্যারেনা বাদ পড়ায় এখন শুধু টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে লিগের খেলা।
সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা নির্দিষ্ট সময়ে লিগ শুরু করছি। বসুন্ধরার মাঠে এখনও কাজ চলছে। পরিস্থিতি বিবেচনা করে দুটি ভেন্যুতে লিগ শুরু করতে যাচ্ছি।’