প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের নিজস্ব ভেন্যু হয়েছে। নামকরণ করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা। এরই মধ্যে স্টেডিয়ামটির কাজ অনেকটাই শেষ হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ম্যাচ দিয়ে এই ভেন্যুর আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে।
এছাড়া পরের দিনই রয়েছে আবাহনী লিমিটেড ও শেখ রাসেলের বিগ ম্যাচ। নতুন ভেন্যুর পরিচিতি উপলক্ষে ক্লাবটি আজ (বুধবার) সংবাদ সম্মেলন করে স্টেডিয়ামটির নানান দিক তুলে ধরেছে।
আপাতত স্টেডিয়ামে খেলা চলবে দিনের বেলায়। তবে কয়েক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আকার ধারণ করলে তখন রাতেও খেলা চলবে।
ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘তিন-চার মাসের মধ্যে ফ্লাডলাইটসহ অন্য সব সুবিধা যুক্ত হবে। এশিয়ারই গুটিকয়েক ক্লাবের এই ধরনের ফ্যাসিলিটি আছে। আগামী মৌসুমে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আপনারা দেখতে পারবেন।’
স্টেডিয়াম ছাড়াও ৩০০ বিঘা জুড়ে কমপ্লেক্সও হচ্ছে। ফুটবল, ক্রিকেট, হকি, ফুটসাল, গলফ, শুটিং ও ইনডোর সুবিধা নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। মেয়েদের ফুটবলের জন্য আলাদা মাঠও থাকছে।
৪০ শতাংশ কাজ শেষ হয়েছে কমপ্লেক্সের। আর ১৪ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিংস অ্যারেনার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। ২০২৪ সালের জুনের মধ্যে কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। নির্মাণ ব্যয় হচ্ছে আনুমানিক সাড়ে ৩ হাজার কোটি টাকা।
দর্শকরা টিকিট কিনলে শাটল বাসে বসুন্ধরা আবাসিকের গেট থেকে স্টেডিয়ামে নিয়ে আসা হবে। ম্যাচ শেষে আবার পৌঁছে দেওয়া হবে। তবে কোভিডের কারণে এখনই মাঠ উন্মুক্ত হচ্ছে না। ইমরুল বলেছেন, ‘আসলে পেশাদার লিগের প্রথম শর্ত হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়ে থাকে। সুতরাং হোম ম্যাচে হোম টিম সুবিধা পাবে। আপাতত ৭ হাজার, সব মিলিয়ে ১৪ হাজার আসন রাখা হয়েছে। আসন সংখ্যা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।’