ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে লিভারপুল

ট্রাইবেকারে শ্বাসরুদ্ধকর জয়ে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে উঠলো লিভারপুল। মঙ্গলবার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে পেনাল্টি-শ্যুটআউটে স্টোক সিটিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুল
ফাইনালে লিভারপুলের প্রতিদ্বন্দ্বী হবে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার খেলায় বিজয়ী দল। আগামী ২৮ ফেব্রুয়ারি লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য লিভারপুল রেকর্ড আটবারের ক্যাপিটাল ওয়ান কাপ চ্যাম্পিয়ন। 

প্রথম লেগে স্টোক সিটির মাঠ থেকে ১-০ গোলের পরাজয় নিয়ে ফিরেছিল লিভারপুল। মঙ্গলবার ফিরতি লেগে লিভারপুল ১-০ ব্যবধানে জয় পাওয়া দুই লেগ মিলিয়ে ১-১ গোলের সমতায় শেষ হয় খেলা। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও কোনও গোল না হওয়ায় পরে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকার ভাগ্যে জিতে ফাইনালের টিকেট পায় ক্লপের দল। 

টাইব্রেকারে লিভারপুলের জয়ের নায়ক বাজে গোলরক্ষক সিমোন মিগনোলেট। পিটার ক্রাউচ ও মার্ক মিউনিসার পেনাল্টি শট ঠেকিয়ে লিভারপুলকে রোমাঞ্চকর জয় এনে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। মিগনোলেট মিউনিসার নেওয়া সপ্তম শটটি ঠেকিয়ে দেয়ার পর বদলি হিসেবে মাঠে নামা জো অ্যালেনের গোলে ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত হয় লিভারপুলের। 

/এমআর/