ইন্দোনেশিয়ায় জানুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু খেলোয়াড়দের করোনার টিকা না থাকায় এই পরিকল্পনা ভেস্তে গেছে। বাতিল করা হয় সেই ম্যাচ। এবার সেই জটিলতা কাটিয়ে উঠায় আগামী মার্চে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষও নির্ধারিত হয়ে গেছে। ২৪ মার্চ মালদ্বীপে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মার্চ সিলেটে দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রতিপক্ষ মঙ্গোলিয়া।
ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আগামী ২১ থেকে ২৯ মার্চ ফিফা উইন্ডো আছে প্রীতি ম্যাচ খেলার জন্য। আমরা এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। লাওস, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে আলোচনা করেছি। দুটি খেলা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।’
এরপরই ম্যাচের সূচি নিয়ে বিস্তারিত জানান কাজী নাবিল, ‘এর মধ্যে আমরা ২২ মার্চ মালদ্বীপ যাবো। ২৪ মার্চ সেখানে খেলা হবে। ২৫ মার্চ দেশে এসে ২৯ মার্চ সিলেটে খেলা হবে মঙ্গোলিয়ার বিপক্ষে। আশা করি এই দুটি ম্যাচে রেজাল্ট ভালো করতে পারবো।’ বাফুফের সহ-সভাপতি আরও জানিয়েছেন, ম্যাচ দুটির অফিশিয়াল অনুমোদনের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
র্যাঙ্কিংয়ে দুটি দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। মালদ্বীপ আছে ১৫৭তম স্থানে, মঙ্গোলিয়া ১৮৪ আর বাংলাদেশ অবস্থান করছে ১৮৬তম স্থানে।