চেলসির মালিক হিসেবে পরিচিত রাশিয়ান ধনী ব্যবসায়ী রোমান আব্রামোভিচ। ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসনে তার ওপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে যুক্তরাজ্যে। সম্পত্তি বাজেয়াপ্তের একটা গুঞ্জনের মধ্যেই আব্রামোভিচ অভিভাবকত্ব হস্তান্তর করলেন ইংলিশ ক্লাবটির। এর দায়িত্ব এখন চেলসির চ্যারিটেবল ফাউন্ডেশনের।
চেলসির ফাউন্ডেশন মূলত ক্লাবটির কমিউনিটি ও শিক্ষা বিভাগের কাজ পরিচালনা করে থাকে। অন্যান্য দাতব্য কাজের দায়িত্বও তাদের ওপর। যার চেয়ারম্যান মার্কিন আইনজীবী ব্রুস বাক। তিনি আবার সার্বিকভাবে পুরো ক্লাবেরও চেয়ারম্যান।
অথচ রবিবার লিগ কাপের ফাইনালে খেলতে নামবে তার দল। এর আগে আব্রামোভিচের এমন সিদ্ধান্ত নিয়ে হৈচৈ ফেলে দিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মন থেকে সব সময় ক্লাবের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। এই মূল্যবোধে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি সব সময়। তাই আমি ক্লাবটির অভিভাবকত্ব ও দেখভালের দায়িত্ব চেলসির চ্যারিটেবল ফাউন্ডেশনের কাছে তুলে দিচ্ছি।’
অবশ্য চলমান ইউক্রেন আগ্রাসনের মাঝে এমন সিদ্ধান্ত এলেও আব্রামোভিচ বিবৃতিতে কোনও অংশেই এই যুদ্ধ পরিস্থিতির কথা তোলেননি। তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হয়নি যে, চলমান আগ্রাসনে তিনি নিষেধাজ্ঞার মুখে পড়বেন কিনা। যেসব ক্ষমতাধরদের সপ্তত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, সেখানে তার নাম নেই। অবশ্য দেখভালের দায়িত্ব ছেড়ে দিলেও ক্লাবটির মালিক থাকছেন তিনিই। কারণ, ক্লাবটিকে দেওয়া ১.৫ বিলিয়ন পাউন্ড লোনের বিষয়ে কোনও কথা উঠেনি।