দুই আর্জেন্টাইন একুয়েল লাভেজ্জি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ফরাসি কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে তুলুজকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে লরেন্ত ব্লাঁর শিষ্যরা।
খেলার ৬৫ মিনিটে প্রথম গোলটি করে লাভেজ্জি। মাঝমাঠের সামান্য ওপর থেকে র্যাবিওটের বাড়ানো লম্বা পাস ধরে গোল করেন লাভেজ্জি। বল ঠেকাতে তুলুজের গোলরক্ষক এগিয়ে আসলে আলতো শটে বল জালে পাঠিয়ে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
সাত মিনিট পর পিএসজির জয় নিশ্চিত করেন ডি মারিয়া। বক্সের বাইরে থেকে আচমকা বুলেটগতির শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফলে ২-০ গোলের স্বস্তির জয় দিয়ে ফরাসি কাপের ফাইনালে পা রাখে পিএসজি।
/এমআর/