স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে রেকর্ড গড়তে চান জামাল

মালদ্বীপের মাঠে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড নেই বললেই চলে। বিশেষ করে প্রায় দুই যুগের পরিসংখ্যান অন্তত তাই বলে। তবে এবার ফিফা প্রীতি ম্যাচে সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামী ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে সেই আশাবাদ ব্যক্ত করেছেন দেশের ফুটবলের এই পোস্টার বয়।

অবশ্য প্রতিপক্ষের মাঠে জয়ের রেকর্ড না থাকলেও গত নভেম্বর শ্রীলঙ্কাতে মালদ্বীপকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। তাও আবার দীর্ঘ ১৮ বছর পর! অনুপ্রেরণা হিসেবে এই ম্যাচটিকে সামনে নিয়ে এলেন লাল-সবুজ অধিনায়ক। কাল মঙ্গলবার মালেতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জামাল বলেছেন, ‘অবশ্যই আমরা মালদ্বীপকে তাদের মাটিতে হারিয়ে রেকর্ড গড়তে চাই। সবশেষ টুর্নামেন্টেও তো বলা হয়েছিল মালদ্বীপকে আমরা ১৮ বছর ধরে হারাতে পারিনি। কিন্তু আমরা ঠিকই জয় পেয়েছি। এবারও তাদের বিপক্ষে জিততে চাই। সেই আত্মবিশ্বাস আছে।’

মালদ্বীপে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছেন। মাঠে তাদের অনুপ্রেরণাও কাজে দেবে বলে জামালের বিশ্বাস, ‘মালদ্বীপে দুই লাখ বাঙালি আছে, যেটা আমাদের উৎসাহ দিতে সাহায্য করবে।’

মালদ্বীপের বড় তারকা আলী আশফাক এই ম্যাচে নেই। যা বাংলাদেশের জন্য এক দিক দিয়ে ইতিবাচক। তবে জামাল মনে করেন, ‘আলী আশফাক মালদ্বীপের সেরা খেলোয়াড়। তবে শেষ যে ম্যাচে তাদেরকে হারিয়েছিলাম (কলেম্বোতে), ওই ম্যাচেও সে ছিল। আমি মনে করি সে খেললেও আমাদের ডিফেন্ডাররা তাকে দেখভাল করতে পারবে।’

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে তিন দিন অনুশীলন করেছে বাংলাদেশ। এরই মধ্যে শিষ্যদের কাছে নিজের চাওয়া-পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন কাবরেরা। জামাল জানালেন, ‘কাবরেরা পরিষ্কার বলে দিয়েছেন যে, কীভাবে তিনি কাজ করতে চান। তবে আগের কোচদের কৌশল থেকে কিছুটা পরিবর্তন আছে। আশা করি, এই পরিবর্তনটা আপনারা মালদ্বীপ ম্যাচে দেখতে পাবেন।’

এই দুই ম্যাচ খেলে জুনে মালয়েশিয়াতে এশিয়ান কাপের বাছাইপর্ব আছে। ফলে মালদ্বীপ ও মঙ্গোলিয়া পরীক্ষা ভালোভাবে উতরেই মালয়েশিয়া যেতে চাইছেন জামাল, ‘অবশ্যই দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে কোচ আমাদের পরখ করবেন, ম্যানেজমেন্ট আমাদের খেলা দেখবেন। খেলোয়াড়দের জন্যও গুরুত্বপূর্ণ কারণ অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। আমাদের লক্ষ্যটা আগামী জুনের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলোর দিকেই।’