আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে মঙ্গোলিয়ার।বিকাল সাড়ে ৫ টায় ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন করে স্টেডিয়াম সংস্কারের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে যাচ্ছে এখানে। করোনার পর এই ম্যাচ দিয়ে মাঠে দর্শকও প্রবেশের সুযোগ পাচ্ছেন প্রথমবার।
আপাতত ১৭ হাজার দর্শকের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলা দেখার সুযোগ রয়েছে ১০০ টাকা মূল্যের টিকিটে। তবে খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র। বিজয়ীদের দুটি হোন্ডা, ফ্রিজ ও ওভেন দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম।
এই প্রসঙ্গে এই সংগঠক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মাঠে দর্শক টানতে র্যাফেল ড্র রেখেছি। শহর জুড়ে প্রচার প্রচারণা চলছে। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এরই মধ্যে কিছুটা সাড়া পাচ্ছি। আশা করছি, ম্যাচের দিন গ্যালারি ভর্তি দর্শক থাকবে।’
২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ পর্বে সবশেষ সিলেটে খেলা হয়েছিল। এবার ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আবারও স্টেডিয়াম সরগরম হয়ে উঠতে যাচ্ছে।